অভিনেতা সোহেল খানের হঠাৎ মৃত্যুতে শোকের ধাক্কা জোরেশোরে লেগেছে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের। সামাজিক মাধ্যমেও ভেসে বেড়াচ্ছেন তার অভিনীত পুরনো কাজ এবং সাক্ষাৎকারের ভিডিও।
সংবাদমাধ্যমেও উঠে আসছে পুরনো সাক্ষাৎকার। যেখানে অভিনেতা জানিয়েছিলেন মায়ের একটি কথা আজীবন মেনে চলেছেন তিনি। অভিনেতা বলেছিলেন, ‘আমার মায়ের ধারণা ছিল কোনো ভদ্রলোক মাথার চুল বড় রাখে না। শৈশব থেকেই চুল আঁচড়িয়ে মা বলতেন চুল ছোট রাখতে। আমি সারা জীবন মাথার চুল ছোট রেখেছি। কোনো দিন আমার চুল বড় ছিল না। যাদের সঙ্গে কাজ করেছি, কেউ বলতে পারবে না সোহেল খারাপ। এগুলো পরিবার থেকে শিখেছি।’
অধিকাংশ ক্ষেত্রেই সোহেল খানকে আঞ্চলিক ভাষায় কথা বলতে দেখা যেত। পর্দার বাইরেই একই টানে বাক্য বিনিময় করতেন তিনি। এর কারণ জানিয়ে বলেছিলেন, ‘আমি নিজে যেভাবে কথা বলি। আমি সেভাবেই অভিনয় করি। রংচং মেখে অভিনয় করা আমার পছন্দ না। এসেছি, খেয়েছিস, কোথায় গিয়েছিস—এই ধরনের সংলাপ আমি ইচ্ছা করেই দিই না। আমার সঙ্গে যায় না। আমি নিজের মধ্যে সব সময় থাকতে চাই। মায়ের আঁচলের নিচ থেকে যে কথা শিখেছি, আমি সেটাই বলার চেষ্টা করি।’
অভিনয় জীবনে নাটকের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন সোহেল খান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘খোঁজ - দ্য সার্চ’, ‘প্রজাপতি’, ‘কমন জেন্ডার’, ‘লাল টিপ’, ‘দেশা: দ্য লিডার’, ‘তারকাঁটা’, ‘অনেক সাধের ময়না’, ‘পরবাসিনী’, ‘বীর’, ‘শান’, ‘প্রিয় কমলা’ এবং ‘জংলি’।
আরআর




