বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

যাপিত জীবন: কেউ চলে যাচ্ছেন অর্ধেক দেখে, কোথাও দর্শকের অভাবে বন্ধ শো

রাফিউজ্জামান রাফি
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম

শেয়ার করুন:

যাপিত জীবন: কেউ চলে যাচ্ছেন অর্ধেক দেখে, কোথাও দর্শকের অভাবে বন্ধ শো
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে ‘যাপিত জীবন’ সিনেমা নির্মাণ করেছেন হাবিবুল ইসলাম হাবিব। দেশভাগ ও ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত সরকারি অনুদানের ছবিটি গেল ২০ নভেম্বর শুক্রবার মুক্তি পায়। খোঁজ নিয়ে জানা গেল, দর্শক খরায় ভুগছে ‘যাপিত জীবন’। কোথাও এক শোয়ে দুই-চারজন। কোথাও দর্শকের অভাবে সিনেমাটি চালানো-ই সম্ভব হয়নি।

‘যাপিত জীবন’ চালিয়ে লোকসানের কবলে শ্যামলী সিনেমা হল। জানালেন হলের হাউজ ম্যানেজার আহসানউল্লাহ। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘ছবিটি নিয়ে আশাবাদী ছিলাম। কিন্তু চালিয়ে ভুগছি হতাশায়। কোনো শোয়ে দুই জন, কোনো শোয়ে চার জন দর্শক হচ্ছে। কোনো শোয়ে দুই-একজন যা হচ্ছে তারাও চলে যাচ্ছেন অর্ধেক দেখে। ফলে লোকসানের কবলে পড়েছি। বিদ্যুৎ বিল পর্যন্ত উঠছে না।’

কারণ জানতে চাইলে এ হাউজ ম্যানেজার বলেন, ‘সিনেমায় শুধু গল্প ভালো হলেই হয় না। পরচিত কিছু মুখ থাকতে হয়। এই ছবিতে সেরকম কেউ নেই। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম— এরকম জনপ্রিয় কোনো শিল্পী থাকলে তাদের দেখতে হলেও কিছু দর্শক আসতেন।’ 

দর্শকের অভাবে রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স এবং সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটারে একটি শো-ও চালানো সম্ভব হয়নি ‘যাপিত জীবন’-এর। গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সের ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ‘সিনেমাটি চলছে না। কেননা কোনো দর্শক নেই।’ একই কথা জানালেন গ্র্যান্ড মুভি থিয়েটারের ইনচার্জ মো. নাইম উদ্দিন। তিনি বলেন, ‘সত্যি বলতে আমরা সিনেমটি এখনও পর্যন্ত চালাতে পারিনি। কারণ দর্শক-ই নেই।’ 

নারায়ণগঞ্জের সিনেস্কোপ থেকেও আশানুরূপ খবর মিলল না। নির্বাহী পরিচালক রবি বললেন, ‘ভালো যাচ্ছে না। শো প্রতি ৮-১০ জন করে লোক হচ্ছে।’ কারণ ব্যাখ্যা করে বললেন, ‘সিনেমা ভালো কিন্তু বাজার খারাপ। এজন্যই দর্শক পাওয়া যাচ্ছে না।’ 

খুবই হতাশা প্রকাশ করলেন দেশের প্রথম ও বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ। বললেন, ’সিনেমাটির ফলাফল আশানুরূপ না। দর্শক একেবারেই নেই।’ এ কর্মকর্তার হতাশা শুধু ‘যাপিত জীবন’ ঘিরে না। গেল কোরবানি ঈদ পরবর্তী কোনো বাংলা সিনেমা চালিয়ে লাভের মুখ দেখতে পারেনি স্টার সিনেপ্লেক্স। এরকম উল্লেখ করে তিনি বলেন, ‘কোরবানি ঈদের পর থেকেই আমাদের এ অবস্থা। কোনো বাংলা  সিনেমা-ই বলার মতো চলছে না। আমরা তাকিয়ে আছি আগামীর ঈদের দিকে।’

তবে ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবির ব্যবসা নিয়েও সন্তুষ্ট নন মেজবাহ উদ্দিন। উদাহরণ দিলেন গেল দুই ঈদের। বললেন, ‘‘ব্যবসার জন্য ঈদের দিকে তাকিয়ে থাকলেও গেল দুই ঈদে সেটিও আশানুরূপ হয়নি। যে ছবিগুলো নিয়ে আশাবাদী ছিলাম সেগুলো চলেনি। কমার্শিয়াল মুভি বলতে ‘রকস্টার’ ফ্লপ করেছে। তার আগে ‘প্রিন্স’ও ফ্লপ গেছে। ব্যবসা করেছে শুধু ‘বনলতা এক্সপ্রেস’।’’ 

‘যাপিত জীবন’-এর মাধ্যমে প্রথমবারের মতো বাবার পরিচালনায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াত, সমাপ্তি ও ডলি জহুর। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর