হৃদ্রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান। তাঁর আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ‘নসিব’ সিনেমার শুটিং করতে বের হওয়ার সময় হঠাৎ হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তীব্র অসুস্থ সেখানেই লুটিয়ে পড়েন। অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শোক বার্তায় এনসিপি বলে, আজ ২৪ নভেম্বর, মঙ্গলবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন বাংলা নাট্যজগতের বরেণ্য অভিনেতা সোহেল খান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর আকস্মিক মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
ঘটনার বিস্তারিত জানিয়ে ‘নসিব’-এর প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘সকালে বগুড়ার হোটেল মম ইনের কক্ষ থেকে বের হয়ে তালা দেওয়ার সময় বুকে ব্যথা অনুভব করেন। সেখানেই লুড়িয়ে পড়েন। পরবর্তীতে হোটেলের কর্মচারীরা তাঁকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা নিরিক্ষা শেষে জানা যায় তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।’
এর আগে সোহেল খানের মৃত্যুর ঘটনার বর্ণনা দিয়ে সামাজিক মাধ্যমে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় লেখেন, একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম নসিব। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠলো । রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯ টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল।’
অভিনয় জীবনে নাটকের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন সোহেল খান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘খোঁজ - দ্য সার্চ’, ‘প্রজাপতি’, ‘কমন জেন্ডার’, ‘লাল টিপ’, ‘দেশা: দ্য লিডার’, ‘তারকাঁটা’, ‘অনেক সাধের ময়না’, ‘পরবাসিনী’, ‘বীর’, ‘শান’, ‘প্রিয় কমলা’ এবং ‘জংলি’।
মরদেহ বগুড়া থেকে তাঁর গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। সেখানেই তাঁর শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
ইএইচ/




