মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

সোহেল খানের মৃত্যুতে যা বললেন ফারুকী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম

শেয়ার করুন:

সোহেল খানের মৃত্যুতে যা বললেন ফারুকী

আজ মঙ্গলবার সকালে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা সোহেল খান। নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘নসিব’-এর শুটিংয়ের জন্য হোটেলের কক্ষ থেকে বের হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সকাল ৯টা ৫৪ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত্য ঘোষণা করেন। 

তার আকস্মিক চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনে। অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

নির্মাতা লিখেছেন, ‘জীবন এমনই। কালকে আমি সোহেল খানের ফটোকার্ড শেয়ার করলাম ৪২০ থেকে। আজকে সকাল ১০টায় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। কালকে হঠাৎ আমার চোখের সামনে ওই কার্ডটা পড়ল কেন? সোহেল খান কী কোনো ভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, ‘আমি আছি’? শান্তিতে ঘুমান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

২০০৭ সালে মুক্তি পায় জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘৪২০’। বিশু চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছিলেন অভিনেতা সোহেল খান। তাঁর সহশিল্পীদের মধ্যে ছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ ও মারজুক রাসেল।

একক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে নিয়মিত অভিনয় করেছেন তিনি। ছোট পর্দায় তাঁর কাজের মধ্যে রয়েছে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’। শেষের টেলিছবিটিতে তাঁকে দেখা যায় বাবার ভূমিকায়।

বড় পর্দায় সোহেল খানকে দেখা গেছে হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’সহ ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’ ও ‘শান’-এ। ‘দেশা: দ্য লিডার’-এ তিনি অভিনয় করেন চেয়ারম্যানের ভূমিকায়। ২০২৫ সালে ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’তে ছিলেন তিনি।

 

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর