দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলা ও হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় সংগীত পরিচালক, সুরকার ও গীতিকার বাবুল বোস। তাঁর অকালপ্রয়াণে সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সুরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিংবনদন্তি সংগীতশিল্পী কুমার শানু এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
নব্বইয়ের দশকে বাংলা গানে কুমার শানুর সাফল্যের শুরুটা হয়েছিল বাবুল বোসের সুরে। তাঁর কণ্ঠে ‘অমর শিল্পী তুমি কিশোরকুমার’ গানটি আজও শ্রোতাদের কাছে নস্টালজিয়া। প্রিয় সুরকারকে হারিয়ে শোকাহত কুমার শানু এক ভিডিও বার্তায় বলেন, ‘এটা একটা ভীষণ দুঃখের সংবাদ যে বাবুল দা, মানে বাবুল বোস উনি আমাদের মধ্যে নেই। খবরটা শোনার পরে আমি প্রচণ্ডভাবে শোকাহত। কারণ বাংলার থেকে প্রথম একজন সংগীতশিল্পী যিনি বোম্বেতে গিয়েও নাম করেছিলেন। আগে হেমন্ত দা, মান্না দা ছিলেন— তারপর একটা বড় গ্যাপ হয়েছিল। সেই গ্যাপের পরে বাংলার একটা ছেলে বাবুল দা, যিনি বোম্বেতে হিন্দি গানের দুনিয়ায়ও নাম করেছিলেন। আর বাংলাতে আমার প্রথম গান ‘অমর শিল্পী তুমি কিশোরকুমার’-এর সুর করেছিলেন তিনি। তার হাত ধরে বাংলা গানে প্রথম কণ্ঠ দেওয়া। ওঁর মৃত্যু আমাদের জন্য বিরাট ক্ষতি। আমি ওঁর আত্মার শান্তি কামনা করছি।’
বাবুল বোসের সুরে একাধিক জনপ্রিয় বাংলা সিনেমাতে কাজ করেছেন টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সুরকারের প্রয়াণে সামাজিক মাধ্যমে শোকবার্তা জানিয়ে প্রসেনজিৎ লেখেন, ‘বাবুল বোসের প্রয়াণের খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একসঙ্গে কাজ করার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-সহ ওঁর সুর করা অসংখ্য গান চিরকাল অমর হয়ে থাকবে। ওঁর আত্মার শান্তি কামনা করি। পরিবার, পরিজন ও কাছের মানুষদের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।’
বাংলার গণ্ডি ছাড়িয়ে বলিউডেও সুরের জাদু ছড়িয়েছিলেন বাবুল বোস। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছাড়াও ‘দেবদাস’, ‘দাদা ঠাকুর’, ‘পরিণাম’, ‘মানিক’, ‘নবাব নন্দিনী’, ‘শেষ যুদ্ধ’ এবং ‘আগুন জ্বলবেই’-এর মতো সিনেমার গান শ্রোতাদের মনে আজও উজ্জ্বল। পাশাপাশি হিন্দি সিনেমায় রেখে গেছেন প্রতিভার স্বাক্ষর। ‘মেহেন্দি’, ‘জিনা তেরি গলি মেঁ’, ‘মেরি আদালত’ ও ‘চিতা’র মতো ছবিতে সংগীত পরিচালনা করেছিলেন।
ইএইচ/




