প্রথম স্ত্রী অপরাজিতা বর্মণের মৃত্যুর দেড় বছরের মাথায় দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন ‘বিবাহ অভিযান’ খ্যাত অভিনেতা রাহুল বর্মণ। তাঁর নতুন জীবনসঙ্গিনীর নাম পরী। নবদম্পতির বিয়ের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সরগরম নেটদুনিয়া।
জানা গেছে, বাঙালি ও খ্রিস্টান দুই রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বাঙালি বিয়ের সাজে রাহুল। তার পরনে ছিল লাল কারুকাজ করা পাঞ্জাবি। অন্যদিকে পরী পরেছিলেন লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর, হাতে ফুলের তোড়া। অন্য একটি ছবিতে পরী ধরা দিয়েছেন সাদা গাউন ও মাথায় ভেইল পরে। তাঁর পাশে কালো স্যুট ও সাদা শার্টে ছিলেন রাহুল।
২০২৫ সালের মার্চে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন রাহুলের প্রথম স্ত্রী অপরাজিতা বর্মণ। সে সময় স্ত্রীর আকস্মিক মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছিলেন অভিনেতা। অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্তের ‘পুরাতন’ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে প্রয়াত স্ত্রীকে স্মরণ করে ক্যামেরার সামনে আবেগাপ্লুত হয়ে রাহুল বলেছিলেন, প্রতিদিন রাতে স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং পুরোনো স্মৃতি হাতড়ান। সাত জন্মের মধ্যে একটি জন্ম পার হয়েছে, বাকি ছয় জন্ম একসঙ্গে কাটানো বাকি।
‘বিবাহ অভিযান’ চলচ্চচিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন রাহুল বর্মণ। এ ছাড়া ‘নিম ফুলের মধু’ ও ‘সোহাগ আদরে’-এর মতো ধারাবাহিকে কাজ করেছেন তিনি।
ইএইচ/




