বাগদানের এক বছর পর প্রেমিক ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মার্কিন পপ ত্যারকা মাইলি সাইরাস। গতকাল শনিবার ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে বিয়ে সেরেছেন মাইলি। পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
এরইমধ্যে মাইলি-ম্যাক্সের বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করেছে সংবাদমাধ্যম। বিয়েতে মাইলির মা টিশ সাইরাস এবং বোন নোয়া সাইরাসসহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে একটি নৈশভোজে মিলিত হয়েছিলেন সবাই। সে ছবিও এসেছে সামাজিক মাধ্যমে।

২০২১ সালে নিজের চেয়ে পাঁচ বছরের ছোট ম্যাক্সের সঙ্গে সম্পর্কে জড়ান মাইলি। লম্বা প্রেমের পর গেল বছর বাগদান সারেন তারা। বছর খানেকের মাথায় কাগজ-কলমে যৌথ জীবন শুরু করলেন দুই সংগীতশিল্পী। যা মাইলির ভক্ত শিবিরেও আনন্দ বইয়ে দিচ্ছে।
শুধু মাইলির সঙ্গে সম্পর্কেই না, কাজেও যুক্ত আছেন ম্যাক্স। ২০২৩ সালে গায়িকার প্রকাশিত অ্যালবাম ‘এন্ডলেস সামার ভেকেশন’-এ প্রযোজক হিসেবে ছিলেন তিনি। নবম অ্যালবাম ‘সামথিং বিউটিফুল’-এর প্রযোজনায়ও ছিলেন ম্যাক্স।

ম্যক্সের আগে অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে ঘর বেঁধেছিলেন মাইলি। সেটি আরও দীর্ঘ প্রেমের পর। ২০০৯ সালে সম্পর্কে জড়িয়েছিলেন তারা। বিয়ে করেছিলেন ২০১৮ সালে। তবে এক বছরও টেকেনি সংসার। ২০১৯ সালে আলাদা হন তারা। ২০২০-এ হয় আনুষ্ঠানিক বিচ্ছেদ।
আরআর




