রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ক্যানসার আক্রান্ত নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকু। গতকাল শনিবার তাকে কেবিন থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। এখন কেমন আছেন শুকু— ঢাকা মেইলকে জানালেন গণমাধ্যমকর্মী এরশাদুল হক।
পরিস্থিতি গতকালকের (শনিবার) মতো উল্লেখ করে এরশাদুল হক বলেন, ‘এখনও উনি (মাতিয়া বানু শুকু) আইসিইউতে আছেন। গতকাল ডায়ালাইসিস হয়েছে। শারীরিক পরিস্থিতি একই রকম আছে। লাইফ সাপোর্ট দেওয়ার প্রয়োজন এখনও পড়েনি।’
এদিকে গতকাল মাতিয়া বানু শুকুর অসুস্থতা নিয়ে দেওয়া পোস্টে এরশাদুল হক জানিয়েছিলেন, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে পরিচালককে সরকারি হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এ প্রসঙ্গে বললেন, ‘বিষয়টি নিয়ে কথা চলছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বারডেম জেনারেল হাসপাতালে এরইমধ্যে কথা হয়েছে। দেখা যাক।’
গতকাল শনিবার মাতিয়া বানু শুকুকে আইসিইউতে নেওয়ার কথা নিজের ফেসবুক পোস্টে জানিয়েছিলেন এরশাদুল হক। তিনি লিখেছিলেন, ‘মাতিয়া বানু শুকু আপা কন্টিনেন্টাল হাসপাতালের আইসিইউ (ICU)-তে ভর্তি। আজ (শনিবার) সকালে নুরুল আলম আতিক ভাইয়ের (মাতিয়া বানু শুকুর স্বামী) মাধ্যমে খবর পেলাম মাতিয়া বানু শুকু আপাকে ইমার্জেন্সিভাবে কন্টিনেন্টাল হাসপাতাল (সাবেক ইউনাইটেড হাসপাতাল)এর আইসিইউ (ICU)-তে ভর্তি করা হয়েছে সকাল ৭ টায় (আগে কেবিনে ছিলেন)। অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে যাওয়ায় তাকে আইসিইউতে নিতে হয়েছে।’
গেল এপ্রিলে মাতিয়া বানু শুকুর ক্যানসার আক্রান্তের খবর সামনে আসে। সে সময় জানা যায়, গেল বছর কর্কট রোগ ধরা পড়ে তার। তারপর নেওয়া হয় চেন্নাই। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলে তার। কেমো থেরাপি দেওয়া হয় নাট্যকারকে। পরে চলতি বছর ফের চেন্নাই নেওয়া হয়েছিল শুকুকে।
ভাষাসৈনিক আবদুল মতিনের কন্যা শুকু। দেশের শোবিজ অঙ্গনে কাজ করছেন দুই দশকের বেশি সময় ধরে। ২০২১ সালের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
আরআর




