জয়পুরহাটের তিন শতাধিক বছর পুরনো ঐতিহ্যবাহী নান্দাইল দিঘির কোল ঘেঁষে ধারণ করা হয়েছে দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। দিঘির পাড়ে অবস্থিত নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে নির্মিত হয়েছে ইত্যাদির মূল মঞ্চ।
কালাই উপজেলায় অবস্থিত দিঘির স্বচ্ছ জলরাশি আর প্রাচীন ঐতিহ্যের আবহে মঞ্চের নান্দনিক আলোকসজ্জা পুরো প্রাঙ্গণকে ভিন্ন রূপ দেয়। নিজেদের জেলায় প্রিয় অনুষ্ঠান ধারণকে ঘিরে জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের জেলা থেকেও অনুষ্ঠানটি উপভোগ করতে ছুটে আসেন দর্শকরা।
এবারের পর্বে তিনটি গান রাখা হয়েছে। এর মধ্যে একটিতে জয়পুরহাটের কৃতী সন্তান সংগীতশিল্পী খুরশীদ আলমের শ্রোতাপ্রিয় তিনটি গান নিয়ে তৈরি করা হয়েছে একটি সংকলিত পরিবেশনা। এছাড়া ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় একটি গান আধুনিক সংগীতায়োজনে গেয়েছেন জয়পুরহাটের ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমিন মুশতারি। দুটি গানের সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি তুলে ধরতে রাখা হয়েছে একটি জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন রাশেদ ও স্বীকৃতি; সুর ও সংগীতায়োজনে ছিলেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের পরিচালনায় স্থানীয় শিল্পীদের নৃত্য পরিবেশনা দর্শকদের করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে।
দর্শকপর্বে জয়পুরহাটকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে চারজন দর্শক নির্বাচিত হন। দ্বিতীয় পর্বে তারা জেলার পরিচিত ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’ নিয়ে রচিত একটি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেন।
অনুষ্ঠানে থাকছে জয়পুরহাটের জেলার তিন বাকপ্রতিবন্ধী ভাইকে নিয়ে প্রতিবেদন। পাশাপাশি সদর উপজেলার দোগাছী ইউনিয়নের শিল্পী প্রসেনজিৎ বর্মনের ওপর বিশেষ প্রতিবেদন রয়েছে। শেষাংশে রয়েছে যশোরের কেশবপুরের ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী লেয়াকত আলীর মানবিক কর্মকাণ্ডের প্রতিবেদন।
হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।
ইএইচ/




