২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা বিভাগে নির্বাচিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’। সিনেমাটি অভিনেত্রী শবনম বুবলীর প্রযোজনা সংস্থা ‘বিগ প্রোডাকশনস’-এর ব্যানারে নির্মিত প্রথম কাজ। শুক্রবার সামাজিক মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই। পাশাপাশি চলচ্চিত্রের প্রথম পোস্টারও উন্মোচন করেছেন তিনি।
পোস্টার প্রকাশ করে বুবলী লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার প্রযোজনা সংস্থা ‘বিগ প্রোডাকশনস’-এর প্রথম কাজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা বিভাগে। আজই উন্মোচন করছি আমাদের প্রথম কাজের পোস্টার। এই অর্জন আমাদের নতুন যাত্রায় নিঃসন্দেহে অনেক আনন্দ ও অনুপ্রেরণার। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন , যেন আগামীতে আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দিতে পারি।”
পোস্টারে দেখা যায়, নীল আকাশের নিচে উঁচু মাটির ঢালের ওপর পেছন ফিরে দাঁড়িয়ে থাকা দুইটি শিশু। দুইজনের কাঁধে ঝুলছে সাদা ও লালা রঙের বস্তা। তাঁদের পরনের কাপড় কালো দাগ।
পোস্টারের তথ্য অনুযায়ী, ‘ঠিকানা’-এ পরিচালনা করেছেন মুরসালিন সরকার। এতে অভিনয় করেছেন মিলনাজ পূর্ণতা। চিত্রনাট্য লিখেছেন তাহসিন রিফাত নূর রুফটি। প্রযোজক হিসেবে বুবলীর পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন নাজমুল রুদ্র ও এহসানুল হক।
ছবির সংগীত পরিচালনা করেছেন খয়াম সানু সন্ধি। সাউন্ড ডিজাইন, সম্পাদনা ও কালারে আছেন হিমেল সাহা এবং লোকেশন সাউন্ডে তালহা অভ্র। সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন ইমতিয়াজ আহমেদ শাকিল।
ইএইচ/




