প্রয়াত সংগীতশিল্পী জুবিন গর্গের স্মৃতি ধরে রাখতে স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নিয়েছে ভারতের অসম সরকার। এ প্রকল্পের কাজের জন্য ১৫ কোটি রুপি বরাদ্দ অনুমোদন করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গত বুধবার (১৮ নভেম্বর) জুবিন গর্গের ৫৪তম জন্মবার্ষিকীতে এ ঘোষণা দেন তিনি।
সামাজিক মাধ্যম একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন আসামের মুখ্যমন্ত্রী। ভিডিওতে তাঁকে প্রকল্পের কাজের অনুমোদনসংক্রান্ত নথিতে স্বাক্ষর করতে দেখা যায়। পোস্টে তিনি লেখেন, ‘আমাদের প্রিয় জুবিনের জন্মবার্ষিকীতে আজ জুবিন ক্ষেত্রের প্রথম পর্যায়ের কাজের অনুমোদন দিয়েছি। এই স্মৃতিসৌধ আগামী প্রজন্মের কাছে তাঁর স্মৃতি ও উত্তরাধিকার বাঁচিয়ে রাখবে।’
অসমের গুয়াহাটির উপকণ্ঠে সোনাপুরের কামারকুচিতে নির্মিত হবে ‘জুবিন ক্ষেত্র’। প্রকল্পটির নকশা ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছিল। ইতিমধ্যে কমিটি তাদের প্রাথমিক নকশা সরকারের কাছে জমা দিয়েছে। অর্থ বরাদ্দের অনুমোদন পাওয়ার পর এবার নির্মাণকাজের জন্য দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে।
প্রকল্পের জমি নিয়ে আগে কিছু জটিলতা তৈরি হয়েছিল। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে সৃষ্ট সমস্যার সমাধান করা হয়েছে। প্রথম পর্যায়ের নির্মাণকাজ শেষ হলে দ্বিতীয় পর্যায়ের কাজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট দফতর। তবে দ্বিতীয় পর্যায়ের কাজের জন্য এখনও অর্থ বরাদ্দের ঘোষণা দেওয়া হয়নি।
এদিকে জুবিনের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আসামজুড়ে নানা আয়োজন করা হয়। ভক্ত, সহকর্মী ও পরিবারের সদস্যরা তাঁর গান গেয়ে, কেক কেটে এবং প্রার্থনার মাধ্যমে প্রিয় শিল্পীকে স্মরণ করেন। গুয়াহাটি, ডিব্রুগড়সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় স্মরণসভা। সোনাপুরে তাঁর স্মৃতিবিজড়িত স্থানেও ভিড় করেন অসংখ্য ভক্ত।
২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাঁতার কাটার সময় মারা যান জুবিন গর্গ। সে সময় তিনি নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে আসামসহ ভারতের সংগীতজগতে শোকের ছায়া নেমে আসে। সংগীতের পাশাপাশি সুরকার, গীতিকার ও অভিনেতা হিসেবেও পরিচিতি ছিল তাঁর।
ইএইচ/




