হিন্দি সিরিয়ালে নিজের জায়গা করে নিয়েছিলেন রাজেশ কুমার। তবুও থিতু হননি। বরং আধ্যাত্মিক গুরুর দ্বারা প্রভাবিত হয়ে চলে যান গ্রামে। শুরু করেন কৃষিকাজ। কিন্তু ভাগ্য ফেরার বদলে দুই কোটি রুপি দেনায় ডুবে যান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজেশের দুঃসময়ের কথা বর্ণনা করেছেন তার সহ অভিনেতা দেবেন ভোজানি। তিনি বলেন, “আমরা এতটাও ঘনিষ্ঠ ছিলাম না যে, প্রত্যেকের ব্যক্তিগত জীবনের সব কথা জানব। রাজেশ চাষবাস করছে, এটুকু জানতাম। বিষয়টিকে ভালোভাবেই নিয়েছিলাম। ওকে উৎসাহও দিতাম। কিন্তু ও যে এমন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তা আমাদের জানা ছিল না।”
এরপর বলেন, “আমরা ভাবতাম, ও একেবারে অন্যরকম পথ বেছে নিয়েছে। ও ভালো আছে, চাষবাস করে আনন্দ পাচ্ছে, এটাই আমাদের ভালো লাগত। কোনো কাজই ছোট নয়। ও বলত, আমি কৃষকের ছেলে, চাষবাস করতে চাই। নিজের জমির ফসলও প্রথম দিকে আমাদের পাঠাত। বিষয়টা খুব ভাল লাগত।”
কিন্তু কৃষিকাজের কোনো অভিজ্ঞতা ছিল না রাজেশের। ফলে একাধিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয় তাকে। প্রথমবার বন্যায় রাজেশের লাগানো সমস্ত গাছ ভেসে যায়। দমে না গিয়ে পরের বার আরও ১৫ হাজার গাছ রোপণ করেন অভিনেতা। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় করোনা মহামারি। এর পরেরবারও ভাগ্য সহায় হয়নি। যা অর্থ ছিল ব্যয় করে মাটি খুঁড়ে দেখেন জলের স্তর নিচে নেমে গেছে। ততদিনে জমানো অর্থ ফুরিয়ে ২ কোটি রুপি দেয়ায় ডুবেছেন রাজেশ।
এরপর আর ঝুঁকি নেননি অভিনেতা। ফিরে আসেন মুম্বাই। আবারও শুরু করেন অভিনয়। সম্প্রতি ‘সইয়ারা’, ‘ওহ্ মাই ডগ’, ‘নিশাঞ্চী’র মতো ছবিতে দেখা গেছে তাকে। কাজ করেছেন নেটফ্লিক্সের সিরিজ় ‘চুম্বক’-এও।
আরআর




