বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

শহুরে জীবনে তাল মেলাতে পারছেন না, গ্রামে চলে যেতে চান অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

শেয়ার করুন:

শহুরে জীবনে তাল মেলাতে পারছেন না, গ্রামে চলে যেতে চান অভিনেত্রী

শুরুটা হয়েছিল নায়করাজ রাজ্জাকের হাত ধরে। সঙ্গে পেয়েছিলেন বাপ্পারাজকে। ‘ঢাকা ৮৬’ নামের সে সিনেমা পেয়েছিল জনপ্রিয়তাও। রঞ্জিতার নামও ছড়িয়ে পড়েছিল মুখে মুখে। তবে সেই সুদিন আর নেই অভিনেত্রীর। 

রঞ্জিতা তার বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন সামাজিক মাধ্যমে নিজের এক পোস্টে। যেখানে জানিয়েছেন, শহুরে জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছেন তিনি। ব্যর্থ হচ্ছেন প্রয়োজনীয় চাহিদা মেটাতে। এ অবস্থায় গ্রামে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে পোস্টে উল্লেখ করেছেন অভিনেত্রী। 

নিজের ফেসবুকে দেওয়া ওই পোস্টে রঞ্জিতা লেখেন, ‘আমরা যারা মধ্যবিত্ত তাদের মনে একটাই প্রশ্ন উঁকি দেয়, যেখানে গ্যাস আসে না তবে কেন প্রতি মাসে লাইনের গ্যাসের বিল দিতে হবে? এখানেও ছাড় নেই। আবার কষ্ট করে বিদ্যুৎ চুলা জ্বালাতে ভয় পাই। প্রিপেইড কার্ডে মাসে কত টাকা রিচার্জ করতে হয়! এখানেও শান্তি নেই। বিদ্যুতের রেটও বেড়ে গেছে!! এমনিতে আয় রোজগার বাড়েনি!! এমন ডিজিটাল সিস্টেম হলো বিত্তবানদের জন্য আমরা আগেই এনালগে ভালো ছিলাম।’

এরপর তিনি লেখেন, ‘আমি রাজনীতি বুঝি না আমি রিজিক যা সহজ ভাষায় পেটনীতি বুঝি। আমার মনের কষ্টের কথা বললাম আবার এটা কোনো রাজনীতিকে টানবেন না। আমরা দেশের নাগরিক আমরা এত বছর ভয়ে কিছু পোষ্ট করতাম না। কিন্তু ভয় পেলে কি কেউ এসে আমার সম্যাগুলো কেউ সমাধান করবে? না আমারটা আমাকেই করতে হচ্ছে বাবা-মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর থেকে!’

এরপর রঞ্জিতা লেখেন, ‘বিদ্যুতের রেট কমিয়ে দিলে আমাদের জন্য ভালো হতো। এমনিতে কত মাস থেকে গ্যাস আসে না আবার আসছে শীত! তখন তো আরও গ্যাস আসবে না! তাই সিদ্ধান্ত নিয়েছি গ্রামের বাড়িতে চলে যাব। ছেলের বাবা যেহেতু ছেলের খোঁজ খবর নেয় না এমনকি ঈদেও বাবা-ছেলের মাঝে ঈদ মোবারক মোবাইলেও মত বিনিময় হয় না। সুতরাং মা-ছেলে বগুড়ায় স্থায়ীভাবে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

‘ঢাকা ৮৬’ ছবির পর রঞ্জিতা অভিনয় করেন ‘রাজামিস্ত্রী’, ‘জীনের বাদশা’, ‘কংফু কন্যা’, ‘মরণ লড়াই’, ‘ক্যারাটি মাস্টার’, ‘প্রেমিক রংবাজ’সহ ২৯টি ছবিতে। এক ডজনেরও বেশি ছবিও প্রযোজনা করেন তিনি। ক্যারিয়ারের সোনালী সময়ে ৯২ সালে বিয়ে করেন অভিনেতা-প্রযোজক জাহাঙ্গীরকে। কিন্তু সে বিয়ে টেকেনি। মাত্র ছয় বছরের মাথায় ডিভোর্স হয়ে যায়। সে ঘরে এক ছেলে রয়েছে রঞ্জিতার।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর