এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্ম ‘উনিশ সংগঠন’-এর মুখপাত্রের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরী। সংগঠনের আহ্বায়ক চিত্রনায়ক ও জাসাস নেতা হেলাল খানের নেতৃত্বে থাকতে অনিচ্ছা প্রকাশ করে এবং শিল্পীদের সঙ্গে অসদাচরণ ও গালিগালাজের অভিযোগ তুলে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক লিখিত বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান চিত্রনায়ক জয়। তিনি বলেন, ‘যে নেতার কাছে আমরা শিল্পীরা নিরাপদ নই, সেক্ষেত্রে আমি চলচ্চিত্রের ১৯টি সংগঠন থেকে পদত্যাগ করব। এমন নেতার নেতৃত্বে আমি থাকতে চাই না, যিনি নিজেই শিল্পীদের গালিগালাজ করেন।’
জয় চৌধুরীর অভিযোগ, হেলাল খান নিজেই শিল্পীদের বাস্টার্ড বলে গালিগালাজ করেছেন। এমনকি তার সামনে তার সহযোগী বহিরাগতরা শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সব সদস্যকে এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
ঘটনার সূত্রপাত হয় গত রোববার (১৫ নভেম্বর) বিকেলে। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ওই দিন বিকেলে এফডিসির প্রধান ফটকে এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে হেলাল খান ছাড়াও সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিঠি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে অংশ নেন।
তবে এফডিসিতে উপস্থিত থাকলেও ওই কর্মসূচিতে যোগ দেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য। কর্মসূচি শেষে শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয়ের সঙ্গে কথা বলতে যান হেলাল। সেখানে সমিতির কার্যালয়ের সামনে কয়েকজনকে বসে থাকতে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, জয় বিষয়টি বোঝানোর চেষ্টা করলে হেলাল আরও ক্ষিপ্ত হয়ে তাকে ধমক দিয়ে বলেন,‘ চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। স্বৈরাচারের দোসর। যে কারণে অনুষ্ঠানে যাসনি তোরা।’ এছাড়া সেখানে বসে থাকা অন্যদের উদ্দেশেও তিনি বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’
এর আগে বিষয়টি নিয়ে জয় গণমাধ্যমের কাছে দাবি করেছিলেন, পুরো ঘটনাটি ভুল-বোঝাবুঝি থেকে ঘটেছে। তার ভাষ্য,‘শিল্পী সমিতির সামনে যারা বসে ছিলেন, তারা কোনো সংগঠনের সদস্য নন; বরং চিত্রনায়ক ডি এ তায়েবের ভক্ত। প্রিয় অভিনেতার জন্মদিন উপলক্ষে কেক কাটতে তারা এফডিসিতে এসেছিলেন। তায়েব আসতে দেরি করায় সেখানে অপেক্ষা করছিলেন।’ জয় জানান, ডি এ তায়েবের পক্ষে কথা বলা এবং মানববন্ধনে যেতে কিছুটা দেরি হওয়ায় হেলাল খান ক্ষুব্ধ হয়ে এমন আচরণ করেছেন।
বলে রাখা ভালো, চলতি বছরের আগস্টে চলচ্চিত্রশিল্পের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে ১৯টি সংগঠন নিয়ে ‘উনিশ সংগঠন’ নামের প্ল্যাটফর্মটি গঠিত হয়। ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছিল হেলাল খানকে, সদস্যসচিব ছিলেন শিল্পী সমিতির সভাপতি শিবা শানু এবং মুখপাত্রের দায়িত্ব পেয়েছিলেন জয় চৌধুরী।




