দীর্ঘ ১৯ বছর পর ভারতীয় রিয়েলিটি শো ‘এমটিভি রোডিজ’-এ ফিরলেন শম্ভবী শর্মা। ফিরেই জানালেন, লম্বা সময়ে অনেক অভিজ্ঞতা হয়েছে তার। স্বামীর নির্যাতন সয়েছেন। অর্থের অভাবে খাবার কিনতে পারেননি। রুটি আর পানি পান করে কাটিয়েছেন দিন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
২০০৭ সালে ‘এমটিভি রোডিজ ৫.০’-এর প্রতিযোগী হিসেবে প্রথম পরিচিতি পান শম্ভবী। এমটিভিতেই কাজ করতেন। বেশ স্বচ্ছল জীবনযাপন করছিলেন। কিন্তু সব তুচ্ছ করে হৃদয়ের টান। কেননা ১৮ বছর বয়সে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। ২১ বছর বয়সে বিয়ে করেন প্রেমিককে। তিন মাস পর জনপ্রিয়তা, ক্যারিয়ার ফেলে সংসার করতে যান অস্ট্রেলিয়া। তবে সে সংসার সুখের ছিল না।
শম্ভবী জানান, অস্ট্রেলিয়ায় যাওয়ার পর ধীরে ধীরে নিজের পরিচয় হারিয়ে ফেলতে শুরু করেন তিনি। তাঁর কথায়, একসময়ে তাঁর জীবন যেন যন্ত্রের মতো হয়ে গিয়েছিল। শম্ভবীর অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন আর্থিক সাহায্য করা বন্ধ করে দিয়েছিলেন। অন্যদিকে, স্বামীর উপার্জনেও সংসারের খরচ সামলানো সম্ভব হচ্ছিল না। এমনও সময় গেছে, যখন খাবার কেনার মতো যথেষ্ট অর্থ তাঁর কাছে ছিল না। রুটি আর পানি দিয়ে দিন কাটাতে হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে উপার্জন শুরু করেন শম্ভবী। এতে সংসারের অর্থের অভাব মিটলেও স্বামীর মনে সন্দেহের ভিড়বাট্টা বাড়তে থাকে। মাঝে মাঝেই স্ত্রীর আয়ের উৎস নিয়ে সন্দেহ করতেন শ্মভবীর স্বামী। করতেন শারীরিক ও মানসিক নির্যাতন। ফলে মানসিক স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে তার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে দুইবার আত্মহত্যার পরিকল্পনাও করেছিলেন তিনি।
শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ছাড়েন শম্ভবী। ভারতে গিয়ে ফের নিজেকে গোছানোয় মন দেন। আইনে পড়তে থাকেন। পরে দিল্লি হাই কোর্টের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। শম্ভবী জানান পরে অভিনয়ে ক্যারিয়ার গড়তে তার স্বামীও ভারতে চলে আসেন। তবে তাদের মধ্যাকার সম্পর্ক নিয়ে কিছু বলেননি এ রিয়েলিটি শো তারকা।
আরআর




