নির্মাণ ও গল্প বলার ঢং দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন মাসরিকুল আলম। ইউটিউবে ভিউয়ের দিক থেকেও রাজত্ব করছে তার কাজ। মুক্তির অপেক্ষায় এ নির্মাতার ‘নীলপরী’ ও ‘ত্রিভুজ’ নামের দুটি নাটক।
দুটি নাটকেই অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। প্রচারের আগেই আলোচনায় এসেছে ‘নীলপরী’। এতে অপূর্বর সঙ্গে আছেন শার্লিন ফারজানা। কাজটির মাধ্যমে বেশ কয়েক বছর পর এক হয়েছেন জনপ্রিয় এ জুটি।
_20261114_160820661.jpg)
নির্মাতা জানান, ‘নীলপরী’ নির্মাণ করা হয়েছে একটি দম্পতির গল্পে। বিয়ের পাঁচ বছর পরও যারা বাবা-মা হতে পারছে না। এ অবস্থায় স্ত্রী হতাশায় ডুবে থাকে। স্বামী বিভিন্নভাবে চেষ্টা করে স্ত্রীর মন ভালো রাখতে। হতাশা থেকে বের করে আনতে। নাটকটি রচনা করেচহেন ইমদাদ বাবু।
অন্যদিকে ‘ত্রিভুজ’ নির্মাণ করা হয়েছে ত্রিকোণ প্রেমের গল্পে। এতে অপূর্বর সঙ্গে আছেন নাজনিন নীহা। আরও আছেন ইমতিয়াজ বর্ষণ। নাটকটিতে লেখক জাভেদ হোসেন রুমীর চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। নাজনীন নীহা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান ঋতু আর ব্যবসায়ী মিলনের চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

দুটি নাটক নিয়েই আশাবাদী মাসরিকুল আলম। সেইসঙ্গে অপূর্বর প্রশংসায়ও পঞ্চমুখ নির্মাতা। বললেন, ‘আমার ডিরেক্টর হওয়া অপূর্ব ভাইয়ের জন্যই। ওনার সঙ্গে কাজ করেও খুব শান্তি। কেননা অভিনেতা হিসেবে অসাধারণ। পাশাপাশি ভীষণ সহযোগিতা মনোভাবাপন্ন।’ মাসরিকুল জানালেন ডিসেম্বরে আসবে ‘নীলপরী’। ‘ত্রিভুজ’ও আসবে শিগগিরই।
আরআর




