হিমু, মিসির আলি, শুভ্র কিংবা বাকের ভাই— নামগুলো উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে একেকটি জীবন্ত চরিত্র। যাঁর কলমে এসব চরিত্র পেয়েছে জীবন,তিনি আর কেউ নন নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ। সহজ-সরল শব্দ আর অসাধারণ কল্পনাশক্তিতে কয়েক প্রজন্মের পাঠক ও দর্শককে মুগ্ধ করেছেন। কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে তাঁর পরিচিতি দেশ ছাড়িয়ে ছড়িয়েছে বিশ্বজুড়ে। সৃষ্টিশীল এই মানুষটির আরেকটি পরিচয়ও রয়েছে— তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক। আজ ১৩ নভেম্বর, গল্পের জাদুকর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তাঁর বাবা ফয়েজুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা আয়েশা ফয়েজ। ১৯৬৫ সালে বগুড়া জিলা স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। পরে ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে।
রসবোধের গল্পকার হুমায়ূন আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে রসায়নে বিএসসি (সম্মান) এবং ১৯৭২ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন তিনি। উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৮২ সালে পলিমার রসায়নে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
হুমায়ূন আহমেদের কর্মজীবন শুরু হয় ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে। পরের বছর ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন তিনি। শিক্ষকতার পাশাপাশি চলতে থাকে সাহিত্যচর্চা। ১৯৭২ সালে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ সাহিত্যাঙ্গনে আলোড়ন সৃষ্টি করে। বইটি প্রকাশের পরপর লেখক হিসেবে আলোচনায় আসেন তিনি। এরপর ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘দারুচিনি দ্বীপ’, ‘কবি’, ‘কৃষ্ণপক্ষ’সহ অসংখ্য জনপ্রিয় উপন্যাস উপহার দেন পাঠকদের।
শিক্ষকতা থেকে গল্পের জাদুকর হুমায়ূন আহমেদ
১৯৯০ সালের মাঝামাঝি সময়ে দীর্ঘ ১৬ বছরের শিক্ষকতা জীবন থেকে সরে দাঁড়ান হুমায়ূন আহমেদ। এরপর পুরোপুরি মনোনিবেশ করেন লেখালেখি, নাটক ও চলচ্চিত্র নির্মাণে।
হুমায়ূন আহমেদের লেখার অন্যতম বৈশিষ্ট্য ছিল সহজ-সরল ভাষা ও ছোট ছোট বাক্যের ব্যবহার। কঠিন বিষয়কেও তিনি এমন সাবলীলভাবে উপস্থাপন করতেন, যা সাধারণ পাঠকের কাছে সহজবোধ্য হয়ে উঠত। তাঁর গল্পে হাসি, কান্না, প্রেম, বিরহ, রহস্য ও জীবনদর্শন মিলেমিশে তৈরি করেছে এক স্বতন্ত্র সাহিত্যভুবন।
রসায়নের শিক্ষক হিসেবে অর্জিত বিজ্ঞানমনস্কতা তাঁর সাহিত্যেও প্রভাব ফেলেছিল। বাংলা সায়েন্স ফিকশন সাহিত্যের বিকাশে তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ‘তোমাদের জন্য ভালোবাসা’, ‘ফিহা সমীকরণ’সহ তাঁর বিজ্ঞানভিত্তিক রচনা।
তাঁর সৃষ্ট ‘মিসির আলি’ চরিত্র যুক্তি, মনস্তত্ত্ব ও রহস্যের এক অনন্য সংমিশ্রণ। অন্যদিকে ‘হিমু’ চরিত্রের মধ্য দিয়ে তিনি তৈরি করেছেন প্রচলিত সামাজিক নিয়ম ও বাস্তবতার বাইরে থাকা এক ভিন্ন জীবনদর্শন। ‘শুভ্র’ চরিত্রেও ফুটে উঠেছে মানবিকতা, সংবেদনশীলতা ও নির্মল দৃষ্টিভঙ্গি। চরিত্রগুলো আজও পাঠকের কল্পনায় জীবন্ত।
সাহিত্যের পাশাপাশি টেলিভিশন নাটকে নির্মাণে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন হুমায়ূন আহমেদ। ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘কোথাও কেউ নেই’, ‘আজ রবিবার’ ও ‘নক্ষত্রের রাত’-এর মতো নাটক দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
বিশেষ করে ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই চরিত্রটি দর্শকের আবেগে এমনভাবে জায়গা করে নিয়েছিল যে তার ফাঁসি ঠেকাতে সাধারণ মানুষ আন্দোলনে নেমেছিল।
'আমার উপহারটি হুমায়ূন আহমেদ ড্রয়িং রুমে সাজিয়ে রেখেছিলেন'
চলচ্চিত্র নির্মাতা হিসেবেও রেখেছেন প্রতিভার স্বাক্ষর। ১৯৯৪ সালে মুক্তি প্রাপ্ত ‘আগুনের পরশমণি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। ছবিটি মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত হয়েছিল। এরপর ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’ ও ‘ঘেটুপুত্র কমলা’-এর মতো চলচ্চিত্র নির্মাণ করেন তিনি।
সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ হুমায়ূন আহমেদ পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ১৯৯৪ সালে একুশে পদকে ভূষিত হন তিনি।
জীবনের শেষদিকে ক্যানসারে আক্রান্ত হন হুমায়ূন আহমেদ। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি। ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৩ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় কথাসাহিত্যিক। পরে গাজীপুরের নুহাশ পল্লীতে তাঁকে সমাহিত করা হয়।
হুমায়ূন আহমেদ নেই, কিন্তু তাঁর সৃষ্টি রয়ে গেছে। বইয়ের পাতায় হিমু-মিসির আলি, টেলিভিশনের পর্দায় বাকের ভাইয়ের মাধ্যমে তিনি বেঁচে আছেন পাঠক ও দর্শকের হৃদয়ে।
ইএইচ/




