বলিউডের সুখী দম্পতিদের মধ্যে অন্যতম কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মলহোত্রা দম্পতি। এরইমধ্যে ঘর আলো করে এসেছে সন্তান। ফের মা-বাবা হতে চলেছেন তারা। পরিবার ও পেশাগত জীবন দারুণভাবে সামলাচ্ছেন দুজন। জানেন কি— প্রেম করাকালীন বিচ্ছেদ হয়েছিল নায়ক-নায়িকার। কীভাবে ফের সম্পর্কের শুরু— চলুন জেনে নেওয়া যাক।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলিউড প্রযোজক ও পরিচালক করণ জোহরের শো কফি উইথ করণে অতিথি হয়েছিলেন কিয়ারা-আদভানি। সেখানে ঝাঁপি খুলেছিলেন ব্যক্তিজীবনের। সেখানেই উঠে এসেছে তাদের প্রেম-বিচ্ছেদ এবং নতুন করে সম্পর্কে জড়ানোর কথা।
কিয়ারা জানান সিদ্ধার্থের সঙ্গে তার আলাপ ‘লাস্ট স্টোরিজ়’-এর কাজ শেষ করার পর। এক পার্টিতে দেখা হয়েছিল দুজনের। পরে ২০১৯ সালে ‘শেরশাহ’ সিনেমা স্ক্রিন শেয়ার করেন তারা। ওই সিনেমার শুটিং চলাকালীন একইসঙ্গে প্রেম ও বিচ্ছেদ হয় তাদের। কিয়ারা জানান সিনেমাটির কার্গিল পর্বের শুটিংয়ের আগে বিচ্ছেদ হয়েছিল তাদের।

ছবিতে ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে ছিলেন সিদ্ধার্থ। কার্গিলের শুটিংয়ে যাওয়ার আগের রাতে তাকে কিয়ারা বলেছিলেন, “তুমি কখনও আমার সঙ্গে খুব ভাল ব্যবহার করছ, আবার কখনও একেবারে অন্য রকম। আমার কাছে বিষয়টা খুব স্পষ্ট— হয় তুমি সম্পর্কে থাকবে, নয়তো থাকবে না। মাঝামাঝি এই অবস্থাটা আমি বুঝতে পারি না। এ ভাবে চলতে পারব না।”
জবাবে সিদ্ধার্থ জানিয়েছিলেন সম্পর্কে জড়ানোর চেয়ে কাজে মনোযোগ দিতে চান তিনি। বলেছিলেন, “আমি জানি, তোমার সঙ্গে সম্পর্কে জড়ালে সেটা খুব মজবুত একটা সম্পর্ক হবে। কিন্তু জীবনের এই পর্যায়ে আমি কাজেই মনোযোগ দিতে চাই। অন্য কোনও কিছু আমার কাজে বাধা হয়ে দাঁড়াক, সেটা চাই না।”
ওই সময় দুজনের সম্মতিতে বিচ্ছেদ হলেও বেশিদিন স্থায়িত্ব পায়নি দূরত্ব। বরং কার্গিল শুটিংয়ের আক মাস সিদ্ধার্থ নিয়ম করে খোঁজ নিতেন কিয়ারার। শুটিং শেষে মেসেজ পাঠাতেন। ফোনে কথা বলতেন। ওই যোগাযোগ থেকেই ফের সম্পর্কের শুরু হয় তাদের।

কিয়ারা বলেন, “কার্গিলে কোনো নেটওয়ার্ক ছিল না, চারদিকে নানা রকম সমস্যা। তা সত্ত্বেও প্রতিদিন শুটিং শেষ হওয়ার পর ও আমাকে ফোন করত। টানা ৩০ দিন আমাদের কথা হয়েছে। তাই আমাদের সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে প্রেমের শুরু হয়েছিল ও যখন কার্গিলে ছিল, তখনই।”
তবে সে সম্পর্ক দীর্ঘদিন আড়ালেই রেখেছিলেন কিয়ারা-সিদ্ধার্থ। পরে ২০২৩ সালে বিয়ে করেন তারা। ২০২৫ সালে কোলজুড়ে আসে সন্তান। গেল অক্টোবরে ফের মা হওয়ার ঘোষণা দেন অভিনেত্রী।
আরআর




