বাংলাদেশের চলচ্চিত্রে অসামান্য অবদান ও দীর্ঘ অভিনয়জীবনের স্বীকৃতিস্বরূপ অভিনেত্রী শবনমকে দেওয়া হচ্ছে ‘বশির আহমেদ সম্মাননা-২০২৬’-এর আজীবন সম্মাননা। আগামী ১৮ নভেম্বর কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদের জন্মদিন উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হবে এবারের সম্মাননা অনুষ্ঠান। বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের সংগীতাঙ্গনে বশির আহমেদের স্মৃতি ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২০১৯ সালে চালু হয় ‘বশির আহমেদ সম্মাননা’। তাঁর দুই উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে এবং ‘সারগাম সাউন্ড সিস্টেম’-এর আয়োজনে এই সম্মাননা ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিবছর প্রদান করা হয়। মাঝে তিন বছরের বিরতির পর এবার আবারও আয়োজন করা হচ্ছে সম্মাননা অনুষ্ঠানের।
সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী শবনম বলেন, ‘আমার অভিনীত বেশ কয়েকটি সিনেমায় বশির আহমেদ গান গেয়েছেন, যেগুলো জনপ্রিয়তাও পেয়েছিল। পাকিস্তান ও বাংলাদেশে তাঁর সঙ্গে একাধিকবার দেখা হয়েছে। তাঁর নামে প্রবর্তিত পুরস্কার পেতে যাচ্ছি ভেবে ভালো লাগছে।’
এদিকে শবনমকে আজীবন সম্মাননা দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হোমায়রা বশির ও রাজা বশির। তাঁরা বলেন, ‘শ্রদ্ধেয় শবনম আন্টি আমাদের দেশের চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ। আমার বাবাকে ছাড়া যেমন বাংলাদেশের গানের ইতিহাস রচনা অসম্ভব, ঠিক তেমনি শবনম আন্টিকে ছাড়াও বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস রচনা করা অসম্ভব। আমরা সত্যিই ভীষণ খুশি যে শবনম আন্টির হাতে বশির আহমেদ সম্মাননার আজীবন সম্মাননা তুলে দিতে পারছি। আমাদের যে কতটা ভালো লাগছে, তা বোঝাতে পারব না।’
তাঁরা আরও বলেন, ‘আমরা কৃতজ্ঞ যে আব্বুর নামের এই সম্মাননা অনুষ্ঠানটি সবার আন্তরিক সহযোগিতায় সুন্দরভাবে আয়োজন করতে পারছি।’
১৯৪৬ সালের ১৭ আগস্ট ঢাকার নবাবপুরে জন্ম অভিনেত্রীর। প্রকৃত নাম ঝর্ণা বসাক। মাত্র ১৫ বছর বয়সে ‘হারানো দিন’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে নাম লেখান। পরের বছর ‘চান্দা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে পাকিস্তানের চলচ্চিত্রাঙ্গনেও নিজের অবস্থান তৈরি করেন। দুই দেশের চলচ্চিত্র মিলিয়ে ১৮০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
শবনমের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘হারানো দিন’, ‘কখনো আসেনি’, ‘রাজধানীর বুকে’, ‘নাচের পুতুল’, ‘তালাশ’, ‘আয়না’ ও ‘আম্মাজান’। কাজী হায়াৎ পরিচালিত ১৯৯৯ সালের ‘আম্মাজান’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান।
ব্যক্তিজীবনে তিনি বিয়ে করেছিলেন প্রখ্যাত সংগীত পরিচালক রবিন ঘোষকে। তাঁদের দীর্ঘ দাম্পত্যজীবনের অবসান ঘটে ২০১৬ সালে রবিন ঘোষের মৃত্যুর মধ্য দিয়ে।
ইএইচ/




