বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

চোখের সামনে একটু একটু করে বড় হলো ‘ব্যাচেলর পয়েন্ট’, স্মৃতিকাতর পলাশ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

চোখের সামনে একটু একটু করে বড় হলো ‘ব্যাচেলর পয়েন্ট’, স্মৃতিকাতর পলাশ

শেষ হতে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। বন্ধুত্ব, প্রেম, পারিবারিক সম্পর্ক ও হাস্যরসাত্মক নানা ঘটনায় নির্মিত ধারাবাহিকের সমাপ্তির খবরে আবেগপ্রবণ হয়ে পড়েছেন দর্শকরা। প্রায় এক দশক ধরে কাবিলা চরিত্রের মাধ্যমে দর্শকদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। সেই চরিত্রের দীর্ঘ পথচলার ইতি টানার মুহূর্তে আবেগ সামলাতে পারলেন না অভিনেতা নিজেও। পলাশের কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’ কেবল একটি ধারাবাহিক নাটক নয়, বরং জীবনের দীর্ঘ একটি অধ্যায়।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন পলাশ। দেখা যায়, একটি নারিকেল গাছে নিচে দাঁড়িয়ে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। ছবিটি প্রকাশ করে পলাশ লিখেছেন, ‘এখান থেকেই শুরু হয়েছিল সব। এই রাস্তা, গাছতলা, চেনা বিকেলগুলো। কত কথা, কত হাসি, কত না-বলা গল্প পড়ে আছে এখানে। সময় কী অদ্ভুত! ব্যাচেলর পয়েন্টের তখন শুরু কেবল। তারপর দিন গেল, বছর গেল। ঋতু বদলাল, মানুষ বদলাল, চারপাশের কত কিছু বদলে গেল। চোখের সামনে একটু একটু করে বড় হয়ে উঠল ব্যাচেলর পয়েন্ট। আর কখন যে তার সঙ্গে সঙ্গে আমিও বড় হয়ে গেলাম, টেরই পেলাম না।’

image

পঞ্চম সিজনের শুটিং শেষ হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেতা লিখেছেন, ‘আজ (মঙ্গলবার) সিজন ফাইভেরও শুটিং শেষ! একটা গল্পের ভেতর মানুষ কতখানি জীবন রেখে আসতে পারে! কতগুলো সকাল, রাত, কত অভিমান, আনন্দ, কত প্রিয় মুখ.... সব মিলিয়ে কখন যে একটা নাটক আর শুধু নাটক থাকে না, নিজের জীবনেরই একটা অংশ হয়ে যায়!’

এত বছরের স্মৃতি ভাষায় প্রকাশ করা কঠিন জানিয়ে পলাশ লিখেছেন, ‘এত স্মৃতি কোথায় রাখি? কোন বাক্যে ধরি এতগুলো বছর? কোন শব্দ দিয়ে বোঝাই, এই পথটুকু আমার কাছে কতখানি?’

তিনি আরও বলেন, ‘সবকিছুরই নাকি শেষ আছে। হয়তো আছে। ব্যাচেলর পয়েন্টেরও শেষ হলো….. মানুষ ফিরে যায়, শুটিং শেষ হয়, আলো নিভে যায়। অথচ কোথাও একটা গাছতলা থেকে যায়। একটা রাস্তা থেকে যায়। কিছু মানুষের হাসির শব্দ বাতাসে মিশে থাকে।’

image

নিজের অভিনীত কাবিলা চরিত্রের সঙ্গে ব্যক্তিগত স্মৃতির সম্পর্ক তুলে ধরে পলাশ লেখেন, ‘আর থেকে যায় সেই ছেলেটা…. যে একদিন এই রাস্তায় দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিল। আজ এত বছর পর ফিরে তাকিয়ে দেখি, গল্পটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলেটা এখনও ওখানেই দাঁড়িয়ে আছে।’

প্রায় এক দশকের পথচলায় ‘ব্যাচেলর পয়েন্ট’ দর্শকদের কাছে আলাদা জায়গা তৈরি করেছে। বিশেষ করে কাবিলা চরিত্রের সংলাপ, আঞ্চলিক ভাষার ব্যবহার এবং হাস্যরসাত্মক অভিনয় পলাশকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর