মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

যেভাবে নিখোঁজ বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম

শেয়ার করুন:

যেভাবে নিখোঁজ বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা 

নিখোঁজ বাবাকে খুঁজে পেয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে খবরটি নিজেই নিশ্চিত করেছেন তিনি। 

আজ মঙ্গলবার নিজের ফেসবুকে মেঘলা মুক্তা তার বাবার সন্ধান পাওয়ার খবর জানিয়ে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে আজ আমরা আমাদের বাবাকে ফিরে পেয়েছি। যাঁরা আমার বাবার জন্য দোয়া করেছেন, ছবি ও পোস্ট শেয়ার করেছেন এবং সহযোগিতা করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

দীর্ঘ অভিযানে পর হারানো বাবাকে ফিরে পেয়েছেন বলে ওই পোস্টে জানান মেঘলা। তিনি লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় আপনাদের শেয়ার করা বাবার ছবি দেখে একজন সহৃদয় ব্যক্তি তাঁকে শনাক্ত করে আমাদের ফোনে জানান। পাশাপাশি এসআরবির তৎপরতায় বাবার মোবাইল নাম্বার ট্র‍্যাকিং করে তাঁর সন্ধান পাওয়া যায়। দীর্ঘ ৯-১০ ঘণ্টার অভিযানের পর অবশেষে আমরা বাবাকে ফিরে পাই।’

অসুস্থ বাবার জন্য দোয়া চেয়ে অভিনেত্রী লেখেন, ‘বাবা শারীরিকভাবে ভীষণ অসুস্থ। তাঁকে ফিরে পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। সবাই আমার বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।’

এর আগে সোমবার (৯ অক্টোবর) দিবাগত রাতে মেঘলা মুক্তা তার বাবার নিখোঁজ সংবাদ জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছিলেন, ‘জরুরি ভিত্তিতে আমার বাবাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করছি। আমার বাবা আজ রাত আনুমানিক ৮টার দিকে উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশ্যে রওনা হন। সর্বশেষ রাত ৮টা ৫০ মিনিটে তিনি আমাকে ফোন করেন। এরপর থেকে তাঁর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে প্রায় ৭ ঘণ্টা পার হয়ে গেছে, কিন্তু তিনি এখনও বাসায় ফিরে আসেননি।’

বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেছিলেন, ‘সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আমার বাবা ভীষণ অসুস্থ। তাঁর শারীরিক অবস্থা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। আমরা উত্তরার আশপাশের বিভিন্ন হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতালসহ প্রয়োজনীয় হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোথাও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।’

মেঘলা জানিয়েছিলেন, ইতোমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাঁর বাবার ছবি সংশ্লিষ্ট থানায়সহ বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে। তারপরও এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। 

নিখোঁজ বাবাকে খুঁজে পেতে সহযোগিতা করার আকুল আবেদন জানিয়ে মেঘলা বলেছিলেন, ‘সবার কাছে আমার বিনীত অনুরোধ, কেউ যদি আমার বাবাকে কোথাও দেখে থাকেন, তাঁর সন্ধান পেয়ে থাকেন কিংবা তাঁর সম্পর্কে সামান্য কোনো তথ্যও জেনে থাকেন, দয়া করে আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন। আপনাদের একটি তথ্য কিংবা সামান্য সহযোগিতাও হয়তো আমার বাবাকে খুঁজে পেতে অনেক বড় ভূমিকা রাখতে পারে। আমার বাবা অসুস্থ, আমরা প্রতিটি মুহূর্ত অত্যন্ত দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছি। আল্লাহ যেন আমার বাবাকে সুস্থ ও নিরাপদে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন।’

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর