বিয়ের সাজে পিস্তল হাতে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আজ ১০ নভেম্বর প্রকাশিত নতুন কিছু ছবিতে আরও দেখা গেছে বিয়ের সাজে থাকা ফারিণকে ঘিরে আছেন আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ। এই তিন জনের হাতে আবার বন্দুক! হঠাৎ কেন এমন ছবি প্রকাশ? তারা সবাই মূলত নতুন সিরিজে যুক্ত হয়েছেন। তারই ঘোষণা হিসেবে প্রকাশ পেয়েছে ছবিগুলো।
ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নির্মিত হচ্ছে সিরিজটি, নাম ‘ডাকাতিয়া বাঁশি’। চরকি অরিজিনাল সিরিজটি নির্মাণ করছেন ইমরাউল রাফাত এবং এর চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। ১০ নভেম্বর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে প্ল্যাটফর্মটি। ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ছবি পোস্ট করার মাধ্যমে সিরিজটি ঘোষণা করেছে চরকি।
নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে ক্লিপ হ্যাঙ্গার লাগে, লেয়ার থাকা লাগে। ফাইনালি সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে। সিরিজ তো অনেক রকম হয়, এবার আমরা ডার্ক কমেডি জনরাটা বেছে নিয়েছি। আর এটা আমার জন্য পরিচিত জনরা। চ্যালেঞ্জ আছে আর সেটা আমি নিয়ে এসেছি, এবারও নিলাম।’

পার্থ শেখ বলেন, ‘চরিত্রের এমন কিছু লেয়ারস আছে যা আগে কখনও ডিল করিনি। প্রতিদিন স্ক্রিপ্ট পড়ে পড়ে দেখছি যে অভিনয়ের কোন জায়গাটায় কী করা যায়।’
আরফান মৃধা শিবলুকে দেখা গেছে বন্দুক হাতে। তাহলে কী চরিত্রটি নিয়ে এখনই কিছু ধারণা করে নেবেন দর্শকরা? উত্তরে শিবলু বলেন, ‘এতটা সহজ হবে না। এটা মজার গল্প, এতে সন্দেহ নাই। কিন্তু আমার চরিত্রে সন্দেহ আছে। চরিত্রটা আসলে একেক সময় একেক রকম। এছাড়াও গল্পটি নিয়ে আমার আরেকটা ভালো লাগা আছে। সেটা হলো, এখানে একটা ফ্যামিলির গল্প আছে।’
সিনেমার ব্যস্ততা কাটিয়ে সিরিজে ফিরছেন তাসনিয়া ফারিণ। অপেক্ষা করছিলেন নতুন কিছুর জন্য। সেটা পেয়ে গেছেন। ফারিণ বলেন, ‘আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু আনকমন। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক ডার্ক এলিমেন্ট আছে। সিরিজে আমার কখনও কমেডি করা হয়নি, এটা হতে ফার্স্ট টাইম। থ্রিলার, মার্ডার–মিস্ট্রি অনেক তো হচ্ছে ওটিটিতে, তাই এবার একটু ডার্ক কমেডি করতে চাইলাম। দর্শকরাও রিফ্রেস হবে, নতুন কিছু হবে আমার জন্যও।

সিরিজে গুরুত্বপূর্ণ আরও চরিত্রে আছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু, সাইদুর রহমান পাভেল প্রমুখ। চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা জানিয়েছেন, সিরিজটি কোনো থ্রিলার না হলেও দর্শকদের চমকে দিতে পারে এমনকী দর্শকদের জন্য হতে পারে সারপ্রাইজ। শিগগিরই মুক্তির সম্ভাবনা আছে বলে জানিয়েছে চরকি কর্তৃপক্ষ।
আরআর




