আজ ৫ নভেম্বর রণবীর কাপুরের ভক্তদের অপেক্ষার অবসান। সিনেমা হলে লাইন ধরে ‘রামায়ণ’ দেখছেন তারা। পর্দায় নিজের স্বামীকে রামরূপে দেখতে সেই দলে আছেন আলিয়া ভাটও। শাড়ি পরে থ্রি ডি চশমা চোখে সিনেমা হলে বসে উপভোগ করেছেন ‘রামায়ণ’। এরইমধ্যে ভাইরাল হয়েছে সে ছবি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে গত ৩ নভেম্বর মুম্বাইয়ে বিশেষ প্রদর্শনী ছিল ‘রামায়ণ’-এর। সেখানে নজর কেড়েছেন আলিয়া। ভাইরাল ওই ছবিতে দেখা গেছে, চোখে থ্রি ডি চশমা, পরনে সবুজ রঙা শাড়ি আর ডান হাতে ঢাকা মুখের কিছুটা অংশ। একেবারে পেছনের সিটে বসে ‘রাম’ রণবীরকে দেখছেন আলিয়া। সামনের সারির দর্শকের চোখেও থ্রি ডি চশমা।
ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে আলিয়ার সে ছবি। স্থিরচিত্রটির সত্যতা যাচাই করতে সক্ষম হয়নি ভারতীয় সংবাদমাধ্যম। তবে তাতে ভ্রুক্ষেপ নেই নেটিজেনদের। ছবিটি শেয়ার দিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা। একজন নিজের এক্স হ্যান্ডেলে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘রামায়ণ দেখছেন আলিয়া ভাট।’
মন্তব্যের ঘরেও ইতিবাচক প্রতিক্রিয়া সবার। আলিয়ার এক ভক্ত লিখেছেন, ‘স্বামীকে আগামী দিনে ইতিহাস তৈরি করতে দেখে স্ত্রী মুগ্ধ।’ আরেকজনের মন্তব্য, ‘গর্বিত স্ত্রী।’ অপর এক অনুরাগীর আবেগঘন বক্তব্য, ‘একজন পুরুষের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হলো এমন একজন স্ত্রী, যিনি তাঁর সাফল্যের মুহূর্তের সাক্ষী থাকতে এবং তা উদযাপন করতে পাশে থাকেন।’
পৌরাণিক গল্পে নির্মিত ‘রামায়ণ’। এতে রাম চরিত্রে আছেন রণবীর। সীতারূপে দেখা যাবে সাই পল্লবীকে। লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে। রাবণের ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশ। সানি দেওলকে দেখা যাবে হনুমানের চরিত্রে।
আরআর




