বিজ্ঞাপন ও নাটক নির্মাণে হাত পাকিয়েছেন আদনান আল রাজীব। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে জয় করেছেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। তারপর থেকেই শোনা যাচ্ছিল পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে নামবেন তিনি। এবার অপেক্ষার অবসান। সামজিক মাধ্যমে নিজেই দিলেন ঘোষণা।
আজ বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুকে আদনান আল রাজীব জানান তার প্রথম সিনেমার নাম ‘অপলক’। অভিনয়ে করছেন মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো। দুজনের হাস্যোজ্জ্বল ছবিও প্রকাশ করেন নির্মাতা। চুক্তি স্বাক্ষরের মুহূর্তের স্থিরচিত্র শেয়ার করে রাজীব লেখেন, ‘‘আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’। এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা।সেই ভালোবাসার পৃথিবীতে এবার যুক্ত হলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।’’

রোমান্টিক ঘরানার সিনেমা দিয়ে পথচলা শুরু হচ্ছে আদনান রাজীবের। এরকম উল্লেখ করে লেখেন, ‘আমরা একটা সৎ, সরল আর মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ফিল্ম বানাতে চাই। যেখানে মানুষ ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন। আশা করি, যে মায়া নিয়ে ছবিটা বানাতে যাচ্ছি, সেই মায়াটুকু আপনাদের কাছেও পৌঁছাবে।’
এ প্রসঙ্গে ঢাকা মেইলকে আদনান আল রাজীব বলেন, ‘আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি। শিগগিরই শুটিংয়ে যাব। মুক্তিসহ বাকি বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাব।’

‘অপলক’ ছাড়াও আরও দুটি সিনেমায় স্ক্রিন শেয়ার করছেন নিশো-মেহজাবীন। ‘খলনায়কে’ কেন্দ্রীয় চরিত্রে নিশো এবং অতিথি চরিত্রে হাজির হবেন মেহজাবীন। এছাড়া ‘পুলসিরাত’ নামের আরও এক ছবিতে একসঙ্গে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় এ জুটিকে।
আরআর




