মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

সিনেমার নায়ক বানানোর লোভ দেখিয়ে দুই লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম

শেয়ার করুন:

সিনেমার নায়ক বানানোর লোভ দেখিয়ে দুই লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেওয়ার লোভ দেখিয়ে এক যুবকের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাইবার প্রতারকদের বিরুদ্ধে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর কণ্ঠ নকল করে প্রতারণা চালানো হয়েছে বলে ধারণা পুলিশের। এ ঘটনায় দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রতারকদের গ্রেফতারে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানায়, ভুক্তভোগী ওই যুবক ফেসবুকে স্ক্রোল করার সময় একটি বড় প্রযোজনা সংস্থার নামে একটি ভুয়া পেজ দেখতে পান। সেখানে ঐতিহাসিক চরিত্রের আদলে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। পেজে দেওয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগী যোগাযোগ করলে তাঁকে একটি মোবাইল নম্বর দিয়ে বলা হয় সেটি পরিচালক রাজের নম্বর।

পরবর্তীতে ওই নম্বরে ফোন করলে ওপার থেকে এক ব্যক্তি নিজেকে পরিচালক হিসেবে পরিচয় দেন। এআই প্রযুক্তির মাধ্যমে পরিচালক রাজের গলা এমনভাবে নকল করা হয়েছিল যে ওই যুবক ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তিনি কোনো প্রতারকের সঙ্গে কথা বলছেন। প্রতারক চক্রটি যুবককে অভিনয়ে সুযোগ দেওয়ার নাম করে বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে দুই লাখ টাকা হাতিয়ে নেয়।

প্রাথমে নিবন্ধনের কথা বলে ৩০ হাজার টাকা চাওয়া হয়। ভুক্তভোগী যুবক সুমিত কুমার নামের এক ব্যক্তির অ্যাকাউন্টে সেই টাকা পাঠান। পরের দিন প্রোফাইল শুটের নাম করে আরও ৯২ হাজার টাকা দাবি করা হয়। দুই ধাপে শুভজিৎ ও অজিতা নামের দুইটি অ্যাকাউন্টে ৯২ হাজার টাকা পাঠান। পুরো বিষয়টি বিশ্বাসযোগ্য করতে একটি ভুয়া চুক্তিপত্র ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। এর কিছুদিন পর দ্বিতীয়বার প্রোফাইল শুটের জন্য আরও ৮৫ হাজার টাকা দাবি করা হলে যুবকের মনে সন্দেহ দানা বাঁধে। 

ভুক্তভোগী যুবকের অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসেছে পুলিশ। ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বরের সূত্র ধরে সাইবার অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর