মালয়েশিয়ার জোহর বারুতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৪ বছর বয়সী তরুণ ইনফ্লুয়েন্সার জেজুন। জোহর বারুর ইস্কান্দার কোস্টাল হাইওয়েতে তার স্পোর্টস কারটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে লেগোল্যান্ড মালয়েশিয়া থেকে জোহর বারু সিটি যাওয়ার পথে ইস্কান্দার কোস্টাল হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। ইস্কান্দার সেরি পুত্রি থানার পুলিশ প্রধান জানান, দুপুর পৌনে ৩টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। প্রাথমিক ধারণা করা হচ্ছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পিলারের সঙ্গে আঘাত করে।
দুর্ঘটনার পর উদ্ধার করা গাড়িটির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাকবলিত গাড়িতে ‘১%’ লোগো দেখে নেটিজেনরা নিশ্চিত হন যে গাড়িটি জেজুনের। লোগোটি তার পরিচালিত ট্রেডিং প্ল্যাটফর্মের প্রতীক ছিল।
উল্লেখ্য, জেজুন সামাজিক মাধ্যমে একজন ফুল-টাইম ট্রেডার হিসেবে পরিচিত ছিলেন। তিনি ‘১% ট্রেডার্স ক্লাব’ প্রতিষ্ঠা করে ফরেক্স ট্রেডিং, বিনিয়োগ প্রশিক্ষণ ও আর্থিক সংক্রান্ত কনটেন্ট শেয়ার করতেন। মাত্র ২৩ বছর বয়সে তিনি ১০ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৩ কোটি ৬ লাখ ২০ হাজার টাকা) দিয়ে একটি ল্যাম্বরগিনি গাড়ি কিনে ব্যাপক আলোচনায় এসেছিলেন।
৩০ অক্টোবর জেজুনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার পরিবার ও বন্ধুরা এক বিবৃতিতে জেজুনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
ইএইচ/




