হাতে একগুচ্ছ ছবি শরিফুল রাজের। কোনোটার শুটিং শেষ, কোনোটার শুরুর প্রস্তুতি চলছে। আবার কোনোটার সঙ্গে সদ্য চুক্তি সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে যখন বেশ ছন্দ পথ চলছেন অভিনেতা ঠিক তখনই তার বিরুদ্ধে আইনি নোটিশ প্রযোজকের।
রাজের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘন এবং আর্থিক ক্ষতির অভিযোগ এনেছেন ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক ও রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী মিসেস শাহরিন আক্তার। প্রযোজকের পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে রাজের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে অভিযোগ করা হয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে হওয়া চুক্তি এবং এক্সক্লুসিভিটি বা নিষ্কৃতি শর্ত লঙ্ঘন করেছেন শরীফুল রাজ, যার ফলে সংশ্লিষ্ট প্রোডাকশন হাউজ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
আরও বলা হয়েছে, আইনি নোটিশ পাওয়ার পর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে হবে রাজকে। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়া গেলে আইনি পথে হাঁটবেন এ প্রযোজক।
তবে বিষয়টি নিয়ে রাজের কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি। মুঠোফোনে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে রিসিভ করেননি অভিনেতা। হোয়াটস্যাপে খুদেবার্তা পাঠালেও মেলেনি উত্তর।
বলে রাখা ভালো, শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা প্রযোজনা করেছিলেন প্রযোজক শাহরিন আক্তার সুমি। এরপর তার প্রযোজনায় মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। মুক্তির অপেক্ষায় আছে ‘বিদায়’ নামে আরও একটি ছবি। শাকিবকে নিয়ে ‘নিঃস্ব’ নামের আরও একটি সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন তিনি।
আরআর




