তামিল সিনেমার পরিচিত মুখ অভিনেত্রী ভতসালা রাজাগোপাল আর নেই। গত শুক্রবার (৩০ অক্টোবর) বার্ধক্যজনিত কারণে চেন্নাইতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তাঁর মৃত্যুতে তামিল বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ চেন্নাইয়ের পল্লবরামের বাসভবনে রাখা হয়েছে।
থিরুবনন্তপুরমে জন্মগ্রহণ করা ভতসালা স্কুলজীবন থেকেই নাচ ও নাটকের প্রতি আগ্রহী ছিলেন। ১৯৫৩ সালে বিয়ের পর তিনি চেন্নাইতে চলে আসেন এবং অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে ক্লার্ক হিসেবে চাকরি শুরু করেন। পরবর্তীতে নাটকের প্রতি ভালোবাসার টানে তিনি কার্টুনিস্ট শ্রীধরনের পরিচালিত ‘রাসিকা রাঙ্গা’ থিয়েটার গ্রুপে যোগ দেন। তাঁর মঞ্চনাটকের অভিনয় দেখে খ্যাতিমান নির্মাতা মণি রত্নম তাঁর জনপ্রিয় ‘রোজা’ সিনেমায় অভিনয়ের সুযোগ দেন। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ছবির মাধ্যমে প্রায় ৬০ বছর বয়সে তাঁর বড় পর্দায় অভিষেক ঘটে। এ সিনেমায় তিনি মাদহুর দাদীর চরিত্রে অভিনয় করেন।
চলচ্চিত্রে দেরিতে প্রবেশ করলেও ভতসালা রাজাগোপাল চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বেশিরভাগ সিনেমায় তাঁকে দাদীর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সাথি লীলাবতী’, ‘অনিয়ান’, ‘মোলি’, ‘রিদম’, ‘উইনার’, ‘পাথিয়াল’, ‘ধাম ধুম’ এবং ‘কল্যাণ সাময়াল সধম’। চলচ্চিত্র ছাড়াও তিনি ‘চিথি’, ‘আনন্দম’, ‘মুন্ধানাই মুদিচু’ এবং ‘বসন্তম’-এর মতো জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন।




