হাতে একাধিক সিনেমা শরিফুল রাজের। সম্প্রতি যুক্ত হলো আরও একটি। নির্মাতা সৈয়দ শাকিলের প্রথম ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এরইমধ্যে সামাজিক মাধ্যমে সে খবর দিয়েছেন পরিচালক। এবার জানা গেল, সিনেমাটির জন্য বিদেশি নায়িকার কথা ভেবেও সিদ্ধান্ত পাল্টান নির্মাতা।
সৈয়দ শাকিল জানান, শুরুতে ভেবেছিলেন নিজের প্রথম সিনেমার জন্য রাজের বিপরীতে বাইরের কোনো দেশের অভিনেত্রীকে নেবেন। কিন্তু শেষে সিদ্ধান্ত বদলান। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘শুরুতে ভেবেছিলাম দেশের বাইরের কোনো অভিনেত্রীকে নেব। কিন্তু সেক্ষেত্রে ওয়ার্ক পারমিটসহ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে; যা সময় সাপেক্ষ। তাই ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছি। দেশের নায়িকা নিয়েই কাজ করব।’

নিজের প্রথম সিনেমার জন্য সামাজিক গল্প বেছে নিয়েছেন শাকিল। এ প্রসঙ্গে এর আগে সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘একসময় আমাদের দেশে পরিবারের সবাই একসঙ্গে সিনেমা দেখত। যাকে বলা হতো সামাজিক সিনেমা। আমি সে ধরনের ইমোশনাল একটি সামাজিক গল্পের সিনেমা বানাতে চাই, যা দর্শকদের আবেগপ্রবণ করে তুলবে।’
কোরবানি ঈদে মুক্তির কথা ভেবে এগুচ্ছেন শাকিল। এরইমধ্যে সিনেমার নাম চূড়ান্ত করেছেন। অধিকাংশ অভিনয়শিল্পীও চূড়ান্ত। জানালেন শিগগিরই একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে দেবেন আনুষ্ঠানিক ঘোষণা।
_20261029_153501274.jpg)
অনেক দিন ধরে নাটক নির্মাণে জড়িত সৈয়দ শাকিল। নির্মাণ করেছেন ‘ছায়াবাজি’ ও ‘ইউএনও স্যার’ নামের দুটি ওয়েব ফিল্ম। এবার সিনেমার পরিচালক হিসেবে নাম লেখাচ্ছেন তিনি। রিভেঞ্জ ফিল্মস লিমিটেডের ব্যানারে সিনেমাটি প্রযোজক সোহানা সাদী, স্নিগ্ধা সাদী ও সারহান শাহরিয়ার সাদী সীমান্ত।
আরআর




