জুহুতে সমুদ্রমুখী বিলাসবহুল ফ্ল্যাটে সংসার ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের। একরত্তি ছেলেকে নিয়ে হাসি আনন্দে কাটছে সময়। তবে মা-বাবা হওয়ার পর কিছু পরিবর্তনও এসেছে। সন্তান জন্মের বছর না ঘুরতেই রোমান্স কমেছে ভিকি-ক্যাটরিনার। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা নিজেই সামনে এনেছেন বিষয়টি।
তবে রোমান্সে ভাটা পড়লেও আক্ষেপ নেই ক্যাটের। ভিকিকে এখনও স্বামী হিসেবে অসাধারণ বলে দাবি করেন তিনি। বাবা হিসেবেও দিয়েছেন সেরার স্থান। অভিনেত্রীর কথায়, “ভিকি একজন অসাধারণ স্বামী। বয়সের তুলনায় ও অনেক বেশি বিচক্ষণ। ওঁর মধ্যে পারিবারিক মূল্যবোধ প্রবল এবং ভিকি অত্যন্ত নীতিপরায়ণ মানুষ। আমি বলব, ভিকি বাস্তব জীবনে বিচক্ষণ, আর আমি তাত্ত্বিকভাবে বিচক্ষণ। ওঁর সবথেকে ভালো গুণগুলির মধ্যে অন্যতম- ও আমাকে নিজের মতো থাকার স্বাধীনতা দেয় এবং খুব মনোযোগ দিয়ে আমার কথা শোনে। যদিও মাঝেমধ্যে আমার বলার মতো অনেক কিছুই থাকে।”
_20240629_115415632_20261029_131908080.jpg)
ক্যাটরিনা জানান, দিনে ১৭-১৮ ঘণ্টা পরিশ্রম করেও স্ত্রী-সন্তানকে সময় দিতে কার্পণ্য করেন না ভিকি। দেন না ক্লান্তির অজুহাত। অভিনেত্রী বলেন, “ওঁর মধ্যে এক অদ্ভুত ক্ষমতা আছে। প্রতিটা মুহূর্তে বিহান এবং আমার সঙ্গে পুরোপুরি উপস্থিত থাকে। এমনকী যখন খুব ক্লান্ত থাকে বা দিনে ১৪, ১৬ কিংবা ১৮ ঘণ্টা কাজ করে ফেরে, তখনও ভিকি আমাদের পুরোপুরি সময় দেয়। আমাদের রোমান্টিক ডিনার বা একসঙ্গে সিনেমা দেখার সময়গুলো এখন কিছুটা কমে গিয়েছে ঠিকই, তবে ভিকি আমাকে সবসময় মনে করিয়ে দেয় যে, সঠিক সময়ে আবার সবকিছু আগের মতো হবে।”
২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন ভিক্যাট। ২০২৫ এর নভেম্বরে ঘরে আসে পুত্র বিহান। তারপর থেকে সংসার নিয়েই বেশি ব্যস্ততা অভিনেত্রীর।
আরআর




