এই মুহূর্তে নেটিজেনদের একমাত্র কৌতূহল— চট্টগ্রাম থেকে বিমানে করে কে শিউলি ফুল পাঠিয়েছেন পরীমণিকে? এবার বিষয়টি পরিষ্কার করলেন অভিনেত্রী। সমালোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের এক পোস্টের মন্তব্যের ঘরে জবাব দেন পরীমণি।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত পরীমণির জন্মদিনে ছিল শিউলি ফুলের আধিক্য। সেখানকার সিঁড়িগুলো যেমন সাজানো হয়েছিল শিউলিতে। পরীমণি জানান, চট্টগ্রাম থেকে বিমানে করে তার জন্য শিউলি ফুলগুলো পাঠিয়েছেন একজন।
নায়িকা সে সময় বলেন, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই সব করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, কেউ আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দাও। কিন্তু এটা আসলে সম্ভবও না। এই ফুল চার-পাঁচ ঘণ্টাও ঠিক রাখা যায় না। কিন্তু একজন আমাকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছে।’

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হতেই পোস্ট দেন জয়। পরীমণির জন্য কে শিউলি ফুল পাঠিয়েছেন— এরকম প্রশ্ন তুলে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। সেখানে শুরুতেই প্রশংসা করে লেখেন, ‘আমার কাছে কেন যেন মনে হয় পরীমণি এ সময়ের অন্যতম এক নায়িকা যিনি এই ইন্ডাস্ট্রিকে আপন ভাবেন। ইন্ডাস্ট্রির মানুষকে খাওয়ান। এবং তাদেরকে সম্মান দেখান। কোনো ফিল্মের প্রেস কনফারেন্সের জন্য না। কিংবা কাভারেজের জন্য না। ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা ছড়িয়ে দেওয়ার জন্য। সে নিঃসন্দেহে বাংলাদেশের বড় একজন সেলিব্রেটি। তাকে চিনে না এই দেশে এমন কেউ নাই। তার জন্য শুভকামনা।’
এরপর শিউলি ফুলের প্রসঙ্গ তুলে লেখেন, ‘চট্টগ্রামের বড়লোকদের বউরা কাল রাত থেকে খুবই দুশ্চিন্তায় আছে। কার স্বামী পরীমণির জন্য এত শিউলি ফুল বিমানে করে পাঠালো? আপনারা তো নিশ্চয়ই লোকটিকে খুঁজে পেলে মিডিয়ায় ধরিয়ে দেবেন। তবে আমি চাই লোকটা বেঁচে যাক। ধরা না পড়ুক। এরকম শিউলি ফুল তো আমিও কতজনকে দিয়েছি। কিন্তু ধরা পড়ি নাই। এক পাপী আরেক পাপীর পক্ষ নেবে এটাই তো স্বাভাবিক।’
জয়ের সে পোস্টে বিভিন্ন রকম মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। যোগ দেন পরীমণিও। জানান, শিউলি ফুল পাঠিয়েছেন একজন নারী। তিনি লেখেন, ‘ভাইয়া, একজন মেয়ে পাঠিয়েছেন। এবং সে আমার পূর্ব পরিচিত।’ তবে ওই নারীর নাম-পরিচয় সামনে আনেননি নায়িকা।

এদিন (২৪ অক্টোবর) জন্মদিনে প্রকাশ্যে এসেছে পরীমণির নতুন সিনেমা ‘ফারজানা’র ফার্স্টলুক। যেখানে পরীকে দেখা গেছে গ্ল্যামার ঝেড়ে সংগ্রামী নারীর অবয়বে। জানা গেছে, সিনেমাটির শুটিং শেষের দিকে। নির্মাতা তারেক রহমান। এটি তার প্রথম সিনেমা।
আরআর




