দীর্ঘ দশ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় রেসলিং তারকা ও সাবেক ডব্লিউডব্লিউই সুপারস্টার ইভা মারি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই স্বামী জোনাথন কয়লের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইভা জানান, গত বছরের আগস্ট মাসে বেশ গোপনীয়তার সঙ্গে তাঁদের ডিভোর্স সম্পন্ন হয়েছে।
বিচ্ছেদের আইনি প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘প্রথমে বিচ্ছেদের জন্য মামলা করা। বিষয়টি নিয়ে সমাধান খোঁজা, এরপর আইনজীবীদের পেছনে দৌড়ানো— সব মিলিয়ে প্রক্রিয়াটি বেশ দীর্ঘ ছিল। টেক্সাসের বাড়িটি বিক্রি করা এবং অন্যান্য ছোটখাটো বিষয়গুলো গুছিয়ে বিচ্ছেদ নিশ্চিত করতে হয়েছে।’ তবে তাঁদের কোনো সন্তান না থাকায় নিজেকে সৌভাগ্যবান মনে করেন ইভা। বিচ্ছেদ নিয়ে তিনি আরও বলেন, ‘যাঁরাই এ পরিস্থিতির মধ্য দিয়ে যান তাঁদের প্রতি আমার সমবেদনা। সম্পর্ক ভালো হোক বা খারাপ, এখানে অনেক বিষয় থাকে যা মানুষ সাধারণত আগে থেকে ভাবে না। এমনকি আমার নামের পদবি পরিবর্তন করতে গিয়েও চরম ভোগান্তি পোহাতে হয়েছে।’

২০২৪ সালের ডিসেম্বরে বিচ্ছেদের আবেদন করেছিলেন ইভা মারি। তিনি বলেন, আমাদের জীবন তো মাত্র একটাই। কিন্তু মনে হচ্ছিল, আমরা স্বামী-স্ত্রী না হয়ে যেন কোনো ব্যবসায়িক অংশীদার হয়ে গেছি। জোনাথনের সঙ্গে সম্পর্কটা কেমন যেন কাজের চুক্তির মতো হয়ে দাঁড়িয়েছিল। আমরা হয়তো ভালো বন্ধু ছিলাম, একে অপরের সঙ্গে বনিবনাও হতো—কিন্তু আদতে একটি বিবাহিত সম্পর্ক এমন হওয়া উচিত নয়, আর আমি এমন জীবনও চাইনি।
উল্লেখ্য, ২০১৪ সালে জোনাথন কয়লের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইভা মারি।
ইএইচ/




