সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

শুটিং শেষে সাগরে লাফ দিয়েছিলেন শিল্পীরা, ওটিটিতে আসছে সেই সিনেমা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

শুটিং শেষে সাগরে লাফ দিয়েছিলেন শিল্পীরা, ওটিটিতে আসছে সেই সিনেমা

‘আইসক্রিম’ সিনেমাটি চরকিতে মুক্তি পেতে যাচ্ছে ২০ অক্টোবরে কথা শুনলেই যেন দর্শকের কাছে উজ্জ্বল হয়ে উঠতে পারে ১০ বছর আগের সেই স্মৃতিগুলো। ২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তি পাওয়া, অভিনয়শিল্পী হিসেবে রাজ, তুষি, উদয়ের অভিষেক, নিজেদের প্রথম সিনেমা নিয়ে তাদের অবেগঘন মুহূর্ত, আরও কত কী। অর্ণব বা, মিনারের ‘বোকা চাঁদ’ বা ‘পথ’ গানগুলো দর্শক-শ্রোতাদের কানে-নাকে শীতের আগমনীর মতো স্পর্শ করে যেতে পারে স্মৃতিমাখা গন্ধ কিংবা গানগুলো প্রথম শোনার অনুভূতি। নির্মাতা রেদওয়ান রনিও তখন তরুণ ও নবীন নির্মাতা। 

‘আইসক্রিম’ সিনেমা ছিল নাজিফা তুষি অভিনীত প্রথম চলচ্চিত্র। শোবিজে তার পথচলাও শুরু কাজটি দিয়ে। তুষি বলেন, ‘‘সিনেমা যে একটা বড় ক্যানভাস, এসব কিছু না বুঝেই সিনেমার ক্যানভাসে দাঁড়িয়ে গিয়েছিলাম। তখন ইন্ডাস্ট্রির কিছুই জানি না, বুঝি না। আমার জাস্ট একটা ইচ্ছা ছিল যে আমি অভিনয় করতে চাই। আর তখন এফডিসির বাইরে অল্টারনেটিভ সিনেমা হচ্ছিল অনেক কম। আমার কাছে মনে হয়েছিল যে ‘আইসক্রিম’ গুড ফিল্ম এবং রেদওয়ান রনি ভালো ডিরেক্টর। ওই জায়গা থেকে আমি ছোট মানুষ, আমি ভেবেছি যে সিনেমাটা করা যায়। ‘আইসক্রিম’ করার পর আমি অনেক কিছুই বুঝেছি। ‘আইসক্রিম’ সিনেমাটা দর্শকরা আবার দেখতে পারবে, সেটা বেশ ভালোলাগার। তখনও বলেছি, সিনেমাটা সবাই দেখুন, একবার হলেও দেখুন, এখনও তাই বলছি। কিন্তু সত্যি খুব অবাক লাগে যে, কীভাবে কীভাবে সিনেমাটা করেছিলাম এবং তারও ১০ বছর পার হয়ে গেল।’’

অভিনেতা কুমার উদয় এখন ব্যস্ত সময় পার করছেন মঞ্চ নাটকে। তিনি বলেন, ‘‘সিনেমার তো অনেক স্মৃতি এবং সেগুলো সবই রঙিন। এমন না যে সেগুলো পাস্ট মেমরি, সেগুলো সব কালারফুল মেমরি হয়ে আছে আমার কাছে। সিনেমা শুরু হওয়ার আগে আমাদের তিনজনের যে বন্ডিংটা হচ্ছিল, সেই সময়টা আমার কাছে অসাধারণ। আমার আরেকটা জায়গায় খুব অবাক লাগছে, ‘আইসক্রিম’ সিনেমাটা ১০ বছর পরেও কীভাবে এত প্রাসঙ্গিক! আমার তো মনে হচ্ছে এই সময় বা এই প্রজন্মের কাছে সিনেমাটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’’

সে সময়ের এক ঘটনা শোনালেন উদয়। তিনি বলেন, ‘প্রথম লটের শুটিং হয়েছিল সেন্টমার্টিনে। সেখানে শুটিং শেষ হওয়ার পর ইউনিটের সবাই হাতে হাত ধরে সাগরে লাফিয়ে পড়েছিলাম। সেই স্মৃতিটা এখনও উজ্জ্বল হয়ে আছে।’ 

পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘১০ বছর আগের কথা, যখন 'আইসক্রিম' বানিয়েছিলাম, তখন এর পেছনে ছিল কিছু তরুণের অক্লান্ত পরিশ্রম আর তরতাজা স্বপ্ন, একঝাঁক নতুন মুখ আর সীমাহীন আবেগ। সময়ের সঙ্গে সঙ্গে জীবনের সমীকরণ বদলালেও কিছু অনুভূতি ও বাস্তবতা কখনও ফিকে হয় না। এক দশক পর যখন সিনেমাটি চরকির পর্দায় নতুন করে আসতে যাচ্ছে, তখনও মনে হচ্ছে সিনেমার বিষয়বস্তু খুবই প্রাসঙ্গিক, মনে হচ্ছে যেন পুরনো সেই স্বপ্ন নতুন সাজে ফিরছে আবার। প্রেক্ষাগৃহে সিনেমাটি যারা মিস করেছিলেন বা দেশের বাইরে ছিলেন, তারা এখন যে কোনো দেশ থেকে বা দেশের যে কোনো জায়গা থেকে চরকিতে 'আইসক্রিম' সিনেমাটি দেখতে পারবেন, এটাও অনেক আনন্দের।‘

শরিফুল রাজের কাছে ‘আইসক্রিম’ শুধু সিনেমা নয় বরং আজকে তার অবস্থানের ভিত। রাজ বলেন, ‘১০ বছর আগের রাজ আর আজকের রাজের মধ্যে নিশ্চয়ই কিছু পরিবর্তন আছে। কিন্তু ”আইসক্রিম” আমার জীবনের সেই ভিত্তি যা আমাকে আজকের এই জায়গায় আসতে সাহায্য করেছে। ক্যামেরার পেছনের সেই নার্ভাসনেস, রেদওয়ান রনি ভাইয়ের গাইডেন্স আর শুটিং সেটের মুহূর্ত এখনও জীবন্ত। ক্যারিয়ারের শুরুতে যেই প্যাশন নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম, দর্শকেরা চরকিতে 'আইসক্রিম'-সিনেমার মাধ্যমে আমার শুরুর দিনগুলোকে দেখতে পাবেন। সত্যি অদ্ভুত অনুভূতি।’ 

সিনেমাটি প্রযোজনা করেছেন শুক্লা বনিক, রেদওয়ান রনি এবং সালমা আদিল। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, আরমিন মুসা, শারমিন সুলতানা সুমি, মিনার রহমান। সিনেমায় অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত, নাদিয়া খানম।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর