ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ মৃত্যু মামলায় জামিন পাওয়া দুই আসামির জামিন আদেশ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আসামিদের জামিনের বিষয়টি পর্যালোচনার পর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আসাম পুলিশের স্পেশাল ডিরেক্টর জেনারেল অব পুলিশ (সিআইডি) এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিমের প্রধান মুন্না প্রসাদ গুপ্ত।
রোববার গুয়াহাটিতে সিআইডি সদরদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিট প্রধান জানান, গুয়াহাটি হাইকোর্ট সম্প্রতি এ মামলার দুই আসামি, প্রয়াত গায়কের খালাতো বোন সন্দীপন গর্গ এবং সহ-শিল্পী অমৃতপ্রভা মহন্তকে জামিন দিয়েছে। দূর্গা পুজার কারণে আদালত বন্ধ থাকায় ছুটির পরপরই সুপ্রিম কোর্টে আপিল দায়ের করা হবে বলে উল্লেখ করেন তিনি। তবে আদালতের পর্যবেক্ষণ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
মামলার অগ্রগতি সম্পর্কে সিট প্রধান জানান, সিআইডি পুলিশ স্টেশন ২০২৫ সালে মামলাটি নথিভুক্ত করেছিল। বর্তমানে নির্ধারিত ফাস্ট ট্র্যাক কোর্টে মামলার বিচারধীন রয়েছে। এ পর্যন্ত ১৩৪ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি মামলার বিচারিক কার্যক্রম সন্তোষজনকভাবে এগিয়ে চলেছে বলে দাবি করেন তিনি। এছাড়া সিআইডির দায়ের করা অন্য আরেকটি মামলার তদন্ত এখনও চলমান রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, জুবিন গর্গের খালাতো বোন ও সাবেক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ সন্দীপন গর্গ গত শনিবার জামিন পান। তবে ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে নতুন করে খুনের অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ৯ অক্টোবর জামিন পান সহ-শিল্পী অমৃতপ্রভা মহন্ত।
ইএইচ/




