দীর্ঘদিন পর ফের এক মঞ্চে হাজির হতে যাচ্ছেন নগর বাউলের জেমস এবং আর্কের হাসান। ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শিরোনামের কনসার্টে একসঙ্গে গাইবেন দেশের ব্যান্ড সংগীতের দুই জনপ্রিয় মুখ।
আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভ্যাল অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্টটি। আয়োজক প্রতিষ্ঠান ‘অ্যাডভেন্টর কমিউনিকেশনস’ জানিয়েছে, বিশেষ আয়োজনে নগরবাউল ও আর্ক ছাড়াও দেশের আরও জনপ্রিয় তিন ব্যান্ড— ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য পারফর্ম করবে। পাঁচ ব্যান্ডের পরিবেশনার পাশাপাশি গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন এবং একক পরিবেশনাতেও মঞ্চ মাতাবেন। সঙ্গে একক পরিবেশনা নিয়ে থাকছেন এ কে রাহুলও।
কনসার্টটি ঘিরে এরই মধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটের মাধ্যমে কনসার্টের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।
আয়োজকদের পক্ষ থেকে টিকিটের ব্যবহারের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত দেওয়া হয়েছে। একটি টিকিট দিয়ে ভেন্যুতে একবারই প্রবেশ করা যাবে। এ ছাড়া হাতব্যাগের বাইরে বড় কোনো ব্যাগ সঙ্গে নেওয়া যাবে না।
আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমতি এরই মধ্যে পাওয়া গেছে। বড় কোনো জটিলতা তৈরি না হলে নির্ধারিত তারিখে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হবে।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে ‘রক এন রিদম’ সিরিজের কনসার্ট নিয়মিত আয়োজন করে আসছে অ্যাডভেন্টর কমিউনিকেশনস। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরিজটির পঞ্চম আসর। এর আগের আয়োজনগুলোর মধ্য দিয়ে রক ও মেটালসংগীতপ্রেমীদের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা পেয়েছে কনসার্ট সিরিজটি। এবার এক মঞ্চে জেমস-হাসানসহ পাঁচ জনপ্রিয় ব্যান্ডের উপস্থিতি ভক্তদের উন্মাদনা আরও বাড়িয়ে তুলবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।
ইএইচ/




