সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

নিখোঁজ ছেলেকে হারানোর শোক বুকে নিয়ে মারা গেলেন নাসিমা খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

নিখোঁজ ছেলেকে হারানোর শোক বুকে নিয়ে মারা গেলেন নাসিমা খান

চলতি বছরের ফেব্রুয়ারিতে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে নিখোঁজ হন সদ্য প্রয়াত অভিনেত্রী নাসিমা খানের ছোট ছেলে নাবিল নাসির কুশল। নিখোঁজের ৮ মাস পেরিয়ে গেলেও তাঁকে উদ্ধার করা সম্ভাব হয়নি। ছেলেকে ফিরে পাওয়ার আগেই দুনিয়ার মায়া ত্যাগ করলেন ষাট-সত্তর দশকের জনপ্রিয় এই অভিনেত্রী। 

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

কুশল নিখোঁজের পর পারিবারিক সূত্রে জানা  যায় সে মূলত সিজোফ্রেনিয়ায় (মানসিক রোগ) আক্রান্ত। ছেলেকে হারিয়ে গণমাধ্যমকে নাসিমা বলেছিলেন,‘আমার ছেলের জন্য অন্তরটা পুড়ে যাচ্ছে। সে কোথায় আছে, কার কাছে আছে, কী খাচ্ছে? সে কি কারো কাছ থেকে চেয়ে খাচ্ছে? এগুলো ভেবে আমার হৃদয়টা ফেটে যাচ্ছে! কেউ আমার ছেলেটাকে খুঁজে এনে দাও।’ 

তিনি আরও বলেছিলেন, ‘তার একটু সমস্যা আছে, সাভারের নিজের বাড়ির ঠিকানা হয়তো বলতে পারবে না; কিন্তু নিজের নাম বলতে পারবে। আমার এই সহজসরল ছেলেটা যেন কোনো খারাপ মানুষের পাল্লায় না পড়ে। কেউ যেন তাকে খারাপ কিছু না করে।’

ঘটনার দিন চা খাওয়ার জন্য ৫০ টাকা নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন কুশল। ছেলেকে সাধারণত বাহিরে যেতে দেন না নাসিমা। তবে সেদিন বাহিরে যাওয়ার অনুমতি চাওয়ায় তাঁকে নিষেধ করতে পারেননি তিনি। নিখোঁজের দিন কুশল তার মোবাইল ফোন দুইটি বাসায় রেখে যাওয়ায় এই বিপত্তি ঘটে বলে জানিয়েছিলেন অভিনেত্রী। 

কুশল নিখোঁজের তিনদিন পর আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছেলের কোনো খোঁজ না পাওয়ায় পুলিশের তৎপরতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অভিনেত্রী। তিনি অভিযোগ করেন, ছেলেকে খুঁজে বের করার বিষয়ে পুলিশের কাছে জানতে গেলে সন্তোষজনক কোনো উত্তর পাননি।

নাসিমার দেখাশোনা করতেন নুরজাহান বেগম। তার দেওয়া তথ্য অনুযায়ী, বেশ কিছুদিন ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। সাত দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়; সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উল্লেখ্য, নাসিমা খানের বড় ছেলে শাবাব নাসিম রহমান যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফিরলেই নাসিমার দাফন হবে বলে জানা গেছে।

১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নাসিমা খানের। সিনেমাতে নাম লেখানর মাত্র দুই বছরের মাথায় ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। ষাটের দশক থেকে আশির দশক একক আধিপত্য ছিল তার। অভিনেত্রীকে সবশেষ দেখা যায়, ২০১১ সালে মুক্তি প্রাপ্ত ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায়। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর