ভয়াবহ রূপ ধারণ করেছে ডেঙ্গু পরস্থিতি। মৃতের হার বাড়ার পাশাপাশি বাড়ছে আক্রান্তের সংখ্যাও। সাধারণ থেকে অসাধারণ কেউ পাচ্ছেন না রেহাই। এবার ডেঙ্গু আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলির। গতকাল শুক্রবার খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন গায়িকাকন্যা অমৃতাঞ্জলি শ্রেষ্ঠশ্বরী।
তিনি বলেন, “মা বাসাতেই আছেন। চারদিন ধরে জ্বর থাকার পর বৃহস্পতিবার তার ডেঙ্গু ধরা পড়েছে। শনিবার আরেকটি টেস্ট করা হবে। এতে যদি দেখা যায় প্লাটিলেট অনেক কমে গেছে, তখন হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হবে।”
সংগীতে কৃষ্ণকলির আত্মপ্রকাশ ২০০৭ সালে ‘সূর্যে বাঁধি বাসা’ অ্যালবামের মাধ্যমে। তবে তাকে শ্রোতাদের ঘরের মানুষ করে তোলে গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ সিনেমাটি। এতে তার গাওয়া ‘যাও পাখি বলো তারে’ গানটি লুফে নেন শ্রোতারা। গানটির জন্য চন্দনা মজুমদারের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কৃষ্ণকলি।
নিয়মিত মৌলিক গান প্রকাশ করছেন কৃষ্ণকলি। গায়িকার ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে সেগুলো। ‘সূর্যে বাঁধি বাসা’ ছাড়া ‘আলোর পিঠে আঁধার’ ও ‘বুনোফুল’ নামে আরও দুটি অ্যালবাম রয়েছে তার।
আরআর




