শিশু-কিশোরদের সৃজনশীলতা, পর্যবেক্ষণশক্তি ও শিল্পবোধ বিকাশের লক্ষ্যে শিশুতোষ পত্রিকা দোলনের আয়োজনে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ‘দোলন ক্রিয়েটিভ ভিশন ২০২৬’। দুই দিনব্যাপী চিত্রশিল্প ও মোবাইল ফটোগ্রাফি কর্মশালার প্রথম দিন শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় মোবাইল ফটোগ্রাফি বিষয়ক প্রশিক্ষণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আলোকচিত্র শিল্পী ও মোশন গ্রাফিক্স ডিজাইনার অনুপ রায়। তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহার করে ছবি তোলার বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখান। বিষয় নির্বাচন, ফ্রেমিং, কম্পোজিশন এবং আলো-ছায়ার ব্যবহারসহ একটি সুন্দর ছবি তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেন তিনি।

প্রশিক্ষণের অংশ হিসেবে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয় আউটডোর ফটোগ্রাফি সেশন। এ সময় শিক্ষার্থীরা খোলা পরিবেশে বিভিন্ন দৃশ্য পর্যবেক্ষণ করে ছবি তোলে। প্রশিক্ষক সরাসরি তাদের ছবি তোলার কৌশল দেখিয়ে দেন এবং ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে শেখার সুযোগ তৈরি করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন দোলনের সম্পাদক ও প্রকাশক কামাল মুস্তাফা। এ ছাড়া উপস্থিত ছিলেন কর্মসূচির কোঅর্ডিনেটর সুরাইয়া সিদ্দিকী বৃষ্টি ও বোরহান ইউসুফ।

‘দোলন ক্রিয়েটিভ ভিশন ২০২৬’-এর দ্বিতীয় দিন শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কনবিষয়ক কর্মশালা। এতে প্রশিক্ষণ দেবেন তানজিমা তাবাচ্ছুম এশা, চিত্রাংকন ও সৃজন প্রশিক্ষক, বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা। এ পর্বে শিক্ষার্থীরা ছবি আঁকার বিভিন্ন কৌশল ও সৃজনশীলভাবে নিজের ভাবনা প্রকাশের বিষয়ে হাতে-কলমে শেখার সুযোগ পাবে।
কর্মশালার ধারাবাহিকতায় আগামী ৩১ অক্টোবর ঢাকার লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হবে আউটডোর ক্রিয়েটিভ সেশন। সেখানে শিক্ষার্থীরা নিজেরা ছবি তুলবে এবং পরবর্তী সময়ে সেই ছবিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে চিত্রকর্ম তৈরি করবে। এর মাধ্যমে মোবাইল ফটোগ্রাফি ও চিত্রশিল্পের মধ্যে একটি সৃজনশীল সংযোগ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

শিশু-কিশোরদের প্রচলিত পাঠ্যচর্চার বাইরে বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে শেখার সুযোগ তৈরি এবং তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে ‘দোলন ক্রিয়েটিভ ভিশন ২০২৬’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।
আরআর




