বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

স্টার সিনেপ্লেক্সের ২২ বছর, একটি টিকেট কিনলে আরেকটি ফ্রি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পিএম

শেয়ার করুন:

স্টার সিনেপ্লেক্সের ২২ বছর, একটি টিকেট কিনলে আরেকটি ফ্রি 

পথচলার ২২ বছর পূর্তি উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ অফার দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। আগামীকাল ৮ অক্টোবর যে কোনো সিনেমার একটি টিকেট কিনলে আরেকটি ফ্রি পাবেন। স্টার সিনেপ্লেক্সের যে কোনো শাখায়, যে কোনো সিনেমার শোয়ের জন্য কাউন্টার থেকে টিকেট নেওয়ার ক্ষেত্রে এই অফার প্রযোজ্য থাকবে। শুধুমাত্র ৮ অক্টোবর অফারটি উপভোগ করা যাবে বলে জানায় কতৃপক্ষ। এ ছাড়া আরেকটি পুরস্কার জিতে নেওয়ার সুযোগ থাকছে দর্শকদের জন্য। স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখার সবচেয়ে সুন্দর স্মৃতিটি শেয়ার করে জিতে দর্শক নিতে পারেন একটি ফ্রি মুভি ভাউচার। এ বিষয়ে পেজে বিস্তারিত দেওয়া আছে। 

২০০৪ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। এরমধ্য দিয়ে নতুন এক যুগে প্রবেশ করে দেশের দর্শক। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশে আসে আধুনিক প্রেক্ষাগৃহ। সুপরিসর হল, নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে দর্শকদের মন জয় করে নেয় স্টার সিনেপ্লেক্স। পরিবার নিয়ে হলে গিয়ে সিনেমা দেখার হারানো সংস্কৃতি ফিরে আসে আবার। দেশের সিনেমার পাশাপাশি আন্তর্জাতিক মুক্তির দিনেই হলিউডের সিনেমা দেখার সুযোগ পান দেশের দর্শকরা। সিনেমার টিকেটের জন্য ভোর থেকে হাজারো মানুষের দীর্ঘ লাইনের দৃশ্যও দেখা যায় এখানে। সবমিলিয়ে স্টার সিনেপ্লেক্স হয়ে ওঠে জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র। 

২২ বছর পূর্তিতে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানটির মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘এই পথচলা নিঃসন্দেহে আনন্দের। সময়ের সঙ্গে অনেক নতুনত্ব আসে। সেটি যখন মানুষ ভালোভাবে গ্রহণ করে তখনই তার সার্থকতা তৈরি হয়। স্টার সিনেপ্লেক্স আজ যে জায়গায় এসেছে তার পেছনে মূল শক্তি দর্শকদের ভালোবাসা। দর্শকরা সঙ্গে ছিলেন বলেই এই পথচলা সার্থক হয়েছে। এজন্য দর্শকদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। ভালো সিনেমার জন্য দর্শকরা সবসময় উদগ্রীব থাকেন। শুধু বিদেশী ছবির ওপর নির্ভরতা নয়, আমরা চাই আমাদের দেশে নিয়মিতভাবে ভালো ভালো ছবি নির্মিত হোক। বাংলাদেশের সিনেমা দেখার জন্য সবসময় হলে ভীড় লেগে থাকুক।’ 

বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার ধানমন্ডি, এসকেএস টাওয়ার মহাখালী, সামরিক জাদুঘর, সনি স্কয়ার মিরপুর, সেন্টার পয়েন্ট উত্তরা, সীমান্ত টাওয়ার নারায়নগঞ্জ, এবং চট্টগ্রামের বালি আর্কেড ও ফিনলে স্কয়ারে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। এ বছর বগুড়া ও রাজশাহী শাখা চালুর প্রক্রিয়া চলছে। এ ছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় আরও শাখা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানায় কতৃপক্ষ। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর