বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাজিয়া মুক্তির কণ্ঠে কালজয়ী দুই গান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

রাজিয়া মুক্তির কণ্ঠে কালজয়ী দুই গান

আবারও কলকাতা থেকে বাংলাদেশের প্রথিতযশা সংগীতশিল্পী রাজিয়া মুক্তির কণ্ঠে মুক্তি পেয়েছে কালজয়ী দুটি বাংলা গান—'যখন রাত্রি নিঝুম' এবং 'উন্মনা মন স্বপ্ন মগন'।

প্রখ্যাত গীতিকার মোহিনী চৌধুরীর লেখা 'উন্মনা মন স্বপ্ন মগন' এবং তার স্ত্রী লীলা চৌধুরীর লেখা 'যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম'—জনপ্রিয় গান দুটি ভারতের কলকাতায় প্রাইম পিক্সেল স্টুডিওতে নতুন সংগীত আয়োজনে কাভার সংস্করণ করা হয়েছে।

এর আগেও কলকাতা থেকে প্রখ্যাত গীতিকার মোহিনী চৌধুরীর লেখা ও তার জ্যেষ্ঠপুত্র ভবিষ্যৎ চৌধুরীর সুরে রাজিয়া মুক্তির কণ্ঠে মৌলিক গান প্রকাশিত হয়েছে। গান দুটি হলো—'সূর্য এবার নতুন আকাশে জাগো' এবং 'সাগরে যে ঘর বেঁধেছে'।

মোহিনী চৌধুরীর অপর পুত্র চিত্র পরিচালক দিগ্বিজয় চৌধুরী রাজিয়া মুক্তির কণ্ঠের স্বতন্ত্রতা ও মান দেখে তাঁর বাবার বাংলাদেশের স্বাধীনতার চেতনায় লেখা অপ্রকাশিত গান দুটি গাওয়ানোর জন্য বেছে নেন। গান দুটি যথেষ্ট শ্রোতাপ্রিয় হয়েছে।

কাভার গান দুটি প্রসঙ্গে তিনি বলেন, 'যখন রাত্রি নিঝুম' গানটি গীতসংগীত চলচ্চিত্রে কুমার সানু গেয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন এবং 'উন্মনা মন স্বপ্ন মগন' গানটি কিংবদন্তী শিল্পী নির্মলা মিশ্রের ক্লাসিক গান। এটিও ভীষণ শ্রোতাপ্রিয় গান। রাজিয়া মুক্তি নিজের স্বকীয়তা দিয়ে গান দুটিকে দারুণভাবে নতুন রূপ দিয়েছেন।

গানগুলোর মূল সুর ঠিক রেখে বর্তমান শতাব্দীর শ্রোতাদের উপযোগী এবং আকর্ষণীয় করার জন্য সংগীতায়োজন করা হয়েছে। রাজিয়া মুক্তি কাভার গানে কুমার শানুর পুরুষ কণ্ঠের ভারী আবেগকে কোমল কণ্ঠে পরিবেশন করেছেন। 

মায়ের প্রতি সন্তানের গভীর আকুলতা ও আবেগের অনুভূতিগুলো তিনি নিখুঁত সুর ও গায়কীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। দিগ্বিজয় চৌধুরী বলেন, শিল্পীর কণ্ঠের সবচেয়ে বড় শক্তি স্পষ্ট উচ্চারণ ও আবেগের সঠিক বহিঃপ্রকাশ। 

এই কাভার দুটি কেবল সাধারণ পুনঃনির্মাণ নয়, বরং এর মূল ভাবকে সংগীতপ্রেমীদের জন্য নতুন এক রূপ দেওয়া এবং দুই বাংলার সংগীতপ্রেমীদের জন্য পুরানো নস্টালজিয়ায় নতুন করে ফিরিয়ে আনা।

রাজিয়া মুক্তি দীর্ঘদিন ধরে মেলোডিয়াস ধাঁচের গানকে প্রাধান্য দিয়ে সংগীতচর্চা করে আসছেন। এর আগেও জি সিরিজ থেকে 'আমি একা' ও 'আমার ভিতর বাহির' শিরোনামে তার দুটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। বেতার টেলিভিশনে শিল্পীর অসংখ্য মৌলিক গান রয়েছে। এছাড়া তিনি নজরুল সংগীত পরিবেশন করে থাকেন।

কাভার সংস্করণ প্রসঙ্গে রাজিয়া মুক্তি বলেন, কালজয়ী গান দুটিকে নতুনভাবে গাইবার জন্য দাদা অনেক আগে থেকেই বলেছিলেন। প্রখ্যাত গীতিকার মোহিনী চৌধুরী পরিবারের স্নেহধন্য তিনি নিজেকে আশীর্বাদপুষ্ট মনে করেন।

তিনিই প্রথম একজন বাংলাদেশের শিল্পী যিনি মুক্তির মন্দির সোপান তলে র মতো কালজয়ী গানের গীতিকারের লেখায় দুটি মৌলিক গান গাইবার সৌভাগ্য অর্জন করেছেন। তিনি আরও বলেন, প্রত্যেকের গানে স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এবং তিনি নিজেও চেষ্টা করেন প্রতিটি গানকে শ্রোতাদের কাছে এমনভাবে নিয়ে যেতে যেন সংগীতকে কেউ হালকা করে না দেখে। 

বরাবরের মতো তিনি সামনে আরও ভালো গান উপহার দেয়ার প্রত্যাশা রাখেন। পরিশেষে বলা যায়, আজকালকার সস্তা রিমেকের ভিড়ে মূল গানের প্রতি যথাযথ সম্মান রেখে পরিশীলিতকণ্ঠে রাজিয়া মুক্তির এই গান পরিবেশনা সত্যিই প্রশংসার দাবি।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর