বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘মেসি ফুটবলের ইতিহাসে থেকে যাবে, ১০ নম্বরের গল্পটা কখনও শেষ হবে না’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ এএম

শেয়ার করুন:

‘মেসি ফুটবলের ইতিহাসে থেকে যাবে, ১০ নম্বরের গল্পটা কখনও শেষ হবে না’

কোটি ভক্তের বুক চিরে আজ বিদায়ের সুর বাজছে। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সবুজ গালিচায় জাদুকরি পায়ের ছোঁয়ায় যিনি বিশ্ববাসীকে সম্মোহিত করে রেখেছিলেন, আজ সেই লিওনেল মেসির নীল-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছিলেন। ফুটবলের মহাতারকার শেষ আন্তর্জাতিক ম্যাচকে কেন্দ্র করে পুরো বিশ্ব যখন নস্টালজিক, তখন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিও নিজেকে আটকে রাখতে পারেননি। সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে মেসির বিদায়কে স্মরণীয় করে রেখেছেন। 

তিনি লেখেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়। আজ একটা যুগের শেষ অধ্যায়। যে জার্সিটাকে মেসি নিজের স্বপ্ন, গর্ব আর জীবনের অংশ বানিয়েছিলেন—আজ সেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন আমাদের প্রিয় ১০ নম্বর। কত রাত জেগে তাঁর খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি—সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।’

পরীমণি যোগ করেন, ‘২০২২-এর বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দটা হয়তো কোনোদিন ভুলতে পারব না। আজ স্কোরলাইন যাই হোক, জয়-পরাজয় এখানে আর গুরুত্বপূর্ণ নয়। আজ শুধু চাই, শেষবারের মতো নীল-সাদা জার্সিতে তাঁকে মন ভরে দেখতে। বিদায় নয়, লিও… তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে—কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনও শেষ হবে না। ভালোবাসা প্রিয়।’

মেসির শেষ অধ্যায়ের সাক্ষী হলো মনুমেন্টাল। যে মাঠে অসংখ্যবার তার পায়ের জাদুতে উচ্ছ্বসিত হয়েছে দর্শক, সেখানেই এবার বিদায়ের মুহূর্তে কাঁদলেন মেসি। 

বেনিনের বিপক্ষে ম্যাচের প্রথম অর্ধে একাধিক আক্রমণ চালিয়েও জালের দেখা পায়নি আর্জেন্টিনা। তবে বিরতির পর মাঠে ফিরতেই ম্যাচের মোড় ঘুরে যায়। ৪৮তম মিনিটে পাওয়া কর্নারে নিখুঁত এক ক্রস বাড়ান মেসি। প্রতিপক্ষের বক্সে থাকা ওতামেন্দি সেই বলটিকে দুর্দান্ত এক ভলিতে প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন। 

মেসির মাপা কর্নার আর ওতামেন্দির নিখুঁত শটে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। গোল করার ঠিক দুই মিনিট পরই কোচ তাকে তুলে নিলে দর্শনীয় এক গোল নিয়ে মাঠ ছাড়েন এই তারকা ফুটবলার।

ওতামেন্দির উঠে যাওয়ার পরও আক্রমণে আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। ম্যাচের ৬১তম মিনিটে আবারও দেখা যায় মেসির পায়ের জাদু। মাঠের ডান প্রান্ত থেকে বক্সে দারুণ এক বল বাড়ান আর্জেন্টিনা অধিনায়ক। সেখান থেকে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তরুণ প্রতিভাবান নিকো পাজ। অধিনায়কের দুই চমৎকার অ্যাসিস্ট ও সতীর্থদের লক্ষ্যভেদে এক স্মরণীয় জয় সুনিশ্চিত করে আর্জেন্টিনা।

সতীর্থদের দিয়ে গোল করানোর পর কেবল নিজের একটি গোলের অপেক্ষা ছিল। ৬৮ মিনিটে সেই স্বপ্নও পূরণ হয়। বক্সের ভেতর আগুস্তিন গিয়াইকে বেনিনের তামিমু উওরু ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান চিলির রেফারি। স্পট কিকে গোলরক্ষককে পরাস্ত করে নিজের বিদায়ি ম্যাচটি স্মরণীয় করে রাখেন মেসি।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর