সম্প্রতি সামাজিক মাধ্যমে হঠাৎ করে ছড়িয়ে পড়ে অভিনেতা, নির্মাতা আবুল হায়াতের মৃত্যুর একটি ভুয়া খবর। গত শনিবার রাতে গুজব ছড়িয়ে পড়ার পর থেকে দেশ-বিদেশে থাকা তাঁর আত্মীয়স্বজন, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা একের পর এক ফোন করতে শুরু করেন। এমনকি অনেকে খবরটি শুনে কান্নায় ভেঙে পড়েন। নিজের মৃত্যুর গুজবে বিব্রত এই অভিনেতা।
রোববার (৪ অক্টোবার) বিকেলে সংবাদমাধ্যমে নিজের শারীরিক অবস্থা নিয়ে আবুল হায়াত বলেন, ‘আমি একদম ঠিক আছি। গতকাল থেকে এমন খবর ছড়িয়েছে। প্রথমে বিষয়টি খুব একটা পাত্তা দিইনি। কিন্তু আজ দেখছি, এটা সীমা অতিক্রম করেছে। দেশ-বিদেশে থাকা আমার বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনেরা একের পর এক ফোন করছেন। কেউ কেউ তো কাঁদছিলেনও। বিষয়টি খুবই বিরক্তিকর এবং বিব্রতকর।’
জানা গেছে, গত ৩ অক্টোবর রাত থেকে সামাজিক মাধ্যমে বিভিন্ন পেজ ও আইডি থেকে ভিডিও পোস্টের মাধ্যমে আবুল হায়াতের মৃত্যুর তথ্য ছাড়ানো হয়। শুরুতে পরিবার ও তিনি নিজে বিষয়টিকে পাত্তা না দিলেও পরবর্তীতে ব্যাপকভাবে প্রচার শুরু হয়ে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। পরিবারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সুস্থ আছেন।
যারা অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়েছেন তাদের প্রতি তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘যারা এসব খবর ছড়াচ্ছেন, তাদের প্রতি খুবই বিরক্ত ও ক্ষুব্ধ। একজন জীবিত মানুষকে এভাবে মেরে ফেলা যায় না। এর ফলে শুধু ওই মানুষটিই নয়, তার পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরাও ভীষণ কষ্ট পান।’
উল্লেখ্য, এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় অভিনেতার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছিল। ১৯৬৯ সালে ‘ইডিপাস’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাট্যজগতে পা রাখা আবুল হায়াত দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ, ছোটপর্দা ও চলচ্চিত্রে অসংখ্য স্মরণীয় কাজ উপহার দিয়ে মানুষের মন জয় করেছেন। অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও নির্মাণেও সিদ্ধহস্ত এই অভিনেতা। দীর্ঘ অভিনয় জীবনের স্বীকৃতিস্বরূপ একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।
ইএইচ/




