দক্ষিণী সুপারস্টার অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির ছেলে জেসন সঞ্জয়ের ‘সিগমা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। সামাজিক মাধ্যম ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
অনেকে ছবির প্রথমার্ধ, চিত্রনাট্য নিয়ে সমালোচনা করেছেন। কেউ কেউ সন্দীপ কিশানের অভিনয়, অ্যাকশন সিকোয়েন্স এবং জেসন সঞ্জয়ের পরিচালনার প্রশংসা করেছেন।
বক্স অফিসের তথ্য অনুযায়ী, ‘সিগমা’ মুক্তির প্রথম দিনে ৮৪৯টি শো থেকে ১ কোটি ৮ লক্ষ টাকা নেট সংগ্রহ করেছে। ভারতের মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১ কোটি ২৭ লক্ষ টাকা।
মুক্তির দিন চেন্নাইয়ের কমলা থিয়েটারে সিনেমাটি উপভোগ করতে আসেন জেসনের মা সংগীতা এবং তার বোন দিব্যা। একটি ভিডিওতে দেখা গেছে, জেসন নিজেও তার পরিবারের সঙ্গে থিয়েটারে উপস্থিত ছিলেন।
জেসনের মা-বোন সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে হাজির হলেও বিজয় এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। এ নিয়ে এক সাক্ষাৎকারে বিজয় পুত্র বলেন, ‘বাবা একজন শান্ত মানুষ। তিনি সবকিছুতে একটু সময় নেন। আমি কোনো প্রশ্ন করলে উত্তর দিতে ১০ সেকেন্ড সময় লাগে।’
তবে জেসন আশা করেন, তার সিনেমা দেখে বাবা বিজয় গর্বিত হবেন। বলেন, ‘একটি সিনেমা বিশ্লেষণের জন্য সময় প্রয়োজন। তবে তিনি সিনেমাটি পছন্দ করবেন।’
ইএইচ/




