দীর্ঘ ১০ বছর আইনি লড়াই শেষে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার প্ররোচনা মামলা থেকে খালাস পেলেন প্রেমিক রাহুল সিং। বুধবার বম্বে হাইকোর্ট এই আদেশ দিয়েছেন।
জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘বালিকা বধূ’-তে আনন্দী চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন প্রত্যুষা। ২০১৬ সালের ১ এপ্রিল মুম্বাইয়ের নিজ ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ২৪ বছর বয়সী এই অভিনেত্রী। ঘটনার দিন অভিনেত্রীর লিভ-ইন সঙ্গী ও অভিনেতা-প্রযোজক রাহুল তাঁকে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় প্রত্যুষার বাবা-মা রাহুলের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা মামলা করেন। তাঁরা দাবি করেন, শারীরিক, মানসিক নির্যাতনের কারণে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁদের মেয়ে। তাঁদের অভিযোগের ভিত্তিতে রাহুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা এবং শারীরিক নির্যাতনের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছিল।

এর আগে দিন্দোশি সেশন কোর্ট রাহুলকে মামলা থেকে অব্যাহতির আবেদন খারিজ করে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছিল। সেশন কোর্টের আদেশের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আপিল করেছিলেন রাহুল।
রাহুলের আইনজীবীরা আদালতকে জানান, মৃত্যুর আগে প্রত্যুষা ও রাহুলের মধ্যকার শেষ কথোপকথনে স্পষ্ট যে রাহুল কোনোভাবে তার প্রেমিকার আত্মহত্যার সঙ্গে জড়িত ছিলেন না। বরং তিনি প্রত্যুষাকে বারবার আত্মহননের সিদ্ধান্ত না নেওয়ার জন্য অনুরোধ করছিলেন। এমনকি তিনি আশ্বস্ত করছিলেন গিগগিরই তাঁর কাছে পৌঁছাচ্ছেন। সেই কথোপকথনে প্রত্যুষা তাঁর বাবা-মাকে দায়ী করে বলছিলেন, তাঁরা তাঁকে আত্মাহত্যার দিকে ঠেলে দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৬ সালে ঘটনার পরপরই ফোনালাপের অডিও প্রমাণের ওপর ভিত্তি করে রাহুলকে আগাম জামিন দিয়েছিল উচ্চ আদালত। অবশেষে বিচারপতি শিবকুমার দিগেসের একক বেঞ্চ সমস্ত নথিপত্র ও শেষ কথোপকথন পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে রাহুল রাজ সিংকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিলেন।
ইএইচ/




