বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বড় অঙ্কের বিদ্যুৎ বিল, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম

শেয়ার করুন:

বড় অঙ্কের বিদ্যুৎ বিল, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন অভিনেত্রী

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়। অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও কোনো নোটিশা ছাড়া সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ তুলেছেন তিনি। 

মঙ্গলবার সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী বলেন, ‘লোনাভালায় মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি বোর্ড মাফিয়ার মতো আচরণ করছে। বিপুল অঙ্কের বিল পাঠাচ্ছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টাকা দিতে বাধ্য করছে। এটা অপরাধ। এমনকি, বিল জমা দেওয়ার শেষ তারিখ পার হওয়ার আগেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে আসছে।’

তিনি অভিযোগ করেন, তাঁদের পুরোনো বাড়িতে বড় অঙ্কের বিল পাঠিয়ে কোনো নোটিশ ছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। 

তনিশা তার পোস্টে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ট্যাগ করে লেখেন, ‘দয়া করে লোনাভালায় আসুন। এখানে কোনো আইনকানুন নেই, সবাই নিজের ইচ্ছেমতো চলছে।’

লোনাভালার ওই বাড়ির সঙ্গে কাজলের পরিবারের আবেগ জড়িয়ে রয়েছে। বাড়িটি তনিশার দিদিমা প্রয়াত অভিনেত্রী শোভনা সমর্থের, যেখানে কেটেছে তাঁর মা তনুজা এবং তনিশার শৈশব। বেশকিছু দিন আগে বাড়ির একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে তনিশা লিখেছিলেন, ‘আমার দিদিমা শোভনা সমর্থের বাড়ি। এই বাড়ির প্রতিটি দেওয়াল, কোণে একটি করে গল্প রয়েছে।’ তনিশা জানিয়েছিলেন, দিদিমার স্মৃতি রক্ষার্থে আধুনিক রূপ না দিয়ে আদি রূপে ধরে রাখার চেষ্টা করছেন।

২০০৩ সালে ‘শহশশ...’ নামের একটি সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তানিশা। ২০০৫ সালে অমিতাভ বচ্চন অভিনীত ক্রাইম থ্রিলার ছবি ‘সরকার’ এবং এর সিক্যুয়েল ‘সরকার রাজ’-এ পার্শ্ব চরিত্রে অভিনয় করে তিনি বেশ পরিচিতি পান। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু সিনেমায় অভিনয় করেছেন তিনি। বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করতে না পারলেও ২০১৩ সালে রিয়েলিটি শো ‘বিগ বস ৭’  অংশ নিয়ে প্রথম রানার-আপ হয়ে আলোচনায় আসেন তিনি। 

তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর