ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রচারে বড় অঙ্কের অর্থ খরচের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, নির্বাচনের আগে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইউটিউবার এবং সংবাদ মাধ্যমগুলোকে মোটা অঙ্কের অর্থ দিয়েছে বিজেপি। পাশাপাশি, নির্বাচনি জনমত জরিপ প্রতিষ্ঠান সিএনএক্স মিডিয়াকে ১৮ কোটি রুপি দেওয়ারও অভিযোগ উঠেছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তৎকালীন ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করতে টাকা খরচ করা হয়েছিল। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি সাফ জানিয়েছে, রাজনৈতিক দলগুলো নিয়মিত বিজ্ঞাপন সংস্থাকে পেমেন্ট করে থাকে। এতে কোনো অন্যায় কিছু নেই।
নির্বাচন কমিশনের তথ্য ঘেঁটে দেখা গেছে, বিধানসভা নির্বাচনের প্রচারে কনটেন্ট ক্রিয়েটর ও মিডিয়া প্রতিষ্ঠানকে নিয়মিত অর্থ প্রদান করা হয়েছে। এর মধ্যে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মুখ সাইক চক্রবর্তীকে ২.৫ লাখ এবং শমিক অধিকারীকে ১৩ লাখ রুপি দেওয়া হয়েছে। এ ছাড়া আরও বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আরজে প্রিয়াঙ্কা (প্রিয়াঙ্কা ঘোষ) এবং ‘পিনাক কি বলছে’ এর পিনাক পাণি ঘোষকে।
প্রতিবেদন অনুযায়ী, প্রিয়াঙ্কা ঘোষকে ১৫ লাখ, ‘বাংলা হান্ট’-কে ২২.৫ লাখ, ‘শুদ্ধশীল ঘোষ’ (প্রিয় বন্ধু মিডিয়া)-কে ৫১ লাখ, ‘পলিটিক্যাল ডেইলি’-কে ২০.৮ লাখ এবং ‘নোটিকিয়াস ইনফোমিডিয়া’ (দ্য ওয়াল)-কে ৪১.৩ লাখ রুপি দেওয়া হয়েছে। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে শুধু পশ্চিমবঙ্গের এপ্রিলের নির্বাচনে মোট ২৮৭ কোটি টাকা খরচ করেছে বিজেপি। যা তাদের মোট ৫২৯ কোটি টাকার খরচের প্রায় ৫৪ শতাংশেরও বেশি।
আর্থিক লেনদেন নিয়ে ওঠা বিতর্কের জবাবে বিজেপি নেতা সায়ন্তন বসু জানান, সব রাজনৈতিক দল বিজ্ঞাপনী সংস্থাদের টাকা দিয়ে থাকে। তিনি দাবি করেন, সমস্ত পেমেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে স্বচ্ছভাবে করা হয়েছে। নির্বাচন কমিশনে তার সমস্ত বিবরণ জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সায়ন্তন বসু বলেন, ‘সবাই বিজ্ঞাপন সংস্থাকে টাকা দেয়। যেকোনো রাজনৈতিক দলই নির্বাচনি প্রচারের জন্য কাউকে পেমেন্ট করতে পারে। তৃণমূলও দেয়, সিপিএমও অতীতে দিয়েছে। বিজেপি এই পেমেন্টগুলো সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে করেছে।’ তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, তৃণমূল কংগ্রেসও তো নির্বাচনে জন্য আই-প্যাককে যুক্ত করেছিল। তারা কি কোনো পারিশ্রমিক ছাড়াই কাজ করেছিল?’
ইএইচ/




