অসুস্থ অভিনেতা ও কবি রিফাত চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং আর্থিক সহায়তা প্রদান করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন অভিনয়শিল্পী সংঘের প্রতিনিধিরা।
মঙ্গলবার সামাজিক মাধ্যম এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, অভিনয়শিল্পী সংঘ সবসময় তাঁদের সদস্যদের পাশে থাকার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও লিখেছেন, প্রতিনিধিদল তাঁর সার্বিক খোঁজখবর নেন, আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং যেকোনো প্রয়োজনে সবসময় তাঁর পাশে থাকার আশ্বাস দেন।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, অভিনয়শিল্পী সংঘ সবসময় অভিনয়শিল্পী ও সংশ্লিষ্ট সকলের বিষয়ে আন্তরিক এবং তাঁদের সুখে-দুঃখে পাশে থাকতে বদ্ধপরিকর। সংঘের বিশ্বাস, একটি সুস্থ ও শক্তিশালী শিল্পী সমাজ গড়ে তুলতে হলে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার কোনো বিকল্প নেই।
রিফাত চৌধুরী। আশির দশকে লেখালেখির মধ্য দিয়ে তার সাহিত্য জগতে পথচলা শুরু হয়। সে সময়ের লিটল ম্যাগাজিন আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ‘ছাঁট কাগজের মলাট’ নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
সাহিত্যের পাশাপাশি দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন রিফাত চৌধুরী। প্রায় পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারাম’ ও ‘মুড়ির টিন’সহ বিভিন্ন জনপ্রিয় নাটকে তার অভিনয় দর্শকের নজর কেড়েছে।
বিশেষ করে ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। চরিত্রটি দর্শকদের মধ্যে তাকে আলাদা করে পরিচিত করে তোলে।




