যে সিনেমার মাধ্যমে ১৯ বছর পর বড় পর্দার কাজে যুক্ত হয়েছিলেন অপি করিম, ‘মায়ার জঞ্জাল’ নামের সে সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি ২৩ সেপ্টেম্বর (বুধবার) দিবাগত রাত ১২টা থেকে দেখা যাবে। এটি অভিনেত্রী অপি করিমের দ্বিতীয় সিনেমা।
সিনেমাটি পরিচালক পশ্চিমবঙ্গের ইন্দ্রনীল রায়চৌধুরী। প্রযোজক বাংলাদেশের জসীম আহমেদ। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।

প্রায় দুই দশক পর সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে অপি বলেছিলেন, ‘‘প্রথমে লেখাপড়া, পরে কাজের চাপে সিনেমায় নিয়মিত হতে পারিনি। কিন্তু এই সিনেমাটা (মায়ার জঞ্জাল) করেছিলাম নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরীর কারণে। তার ‘ফড়িং’, ‘ভালোবাসার শহর’ দেখে অনেক ভালো লেগেছিল। বিশেষ করে ‘ভালোবাসার শহর’–এ জয়া আপুর (জয়া আহসান) অভিনয় এত ভালো লেগেছিল যে, আমারও একটু কাজ করার আগ্রহ হয়েছিল। সেই আগ্রহ থেকেই কাজটি করা। এর সঙ্গে আরও আগ্রহ বাড়িয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। আর গল্প এবং চরিত্রগুলোও খুব ন্যাচারাল।’
সিনেমায় অপি করিমের চরিত্রের নাম সোমা। তার স্বামী চন্দনের ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার ঋত্বিক চক্রবর্তী। অন্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন সোহেল মন্ডল, পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ।

ঋত্বিক চক্রবর্তী বলেছিলেন, ‘‘আমাদের রোজকার যে সিনেমা সেখানে চন্দন বা চাঁদু চরিত্রটাকে পাওয়া যাবে না। আমাদের প্রাত্যহিক জীবনে চাঁদুর মতো চরিত্রদের সঙ্গে যে প্রতিনিয়ত দেখা হয়, তেমনটাও না। কিন্তু ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় এই চরিত্রটাকে মন দিয়ে দেখা হয়েছে। চরিত্রটি যে সমাজের বা শ্রেণীর, সেখানে তার সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক কী কী সমস্যা তৈরি হয়, সেটা খুব বিস্তারিতভাবে উঠে এসেছে।”
‘মায়ার জঞ্জাল’ ২০২০ সালে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার করে এবং এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড বিভাগে মনোনয়ন পায়। একই বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ছবিটি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়, যেখানে হয় ইউরোপিয় প্রিমিয়ার। পরে ইতালির ২১তম এশিয়াটিকা চলচ্চিত্র উৎসবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জুরি পুরস্কার এবং কলকাতার আর্টহাউস এশিয়া চলচ্চিত্র উৎসবে সেরা দক্ষিণ এশীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে সিনেমাটি। ২০২২ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে অংশ নিয়ে ‘মায়ার জঞ্জাল’ সেরা চিত্রনাট্যের পুরস্কার পায়। এরপর ২০২৪ সালের ’ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’-তে সাতটি (৭) বিভাগে পুরস্কার জেতে সিনেমাটি। ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসে ছবিটি।
আরআর




