নন্দিত পপ শিল্পী ফেরদৌস ওয়াহিদকে এবার দেখা গেল একেবারে রাজকীয় এক অবতারে। মাথায় রাজমুকুট আর গায়ে রাজবেশ— প্রথম দেখায় তাঁকে চেনার উপায় নেই! তিনি কি বাংলার শেষ নবাব নাকি গায়ক ফেরদৌস? তাঁর এই নতুন বেশভূষা দেখে অনুরাগীদের মনে কৌতূহল— হঠাৎ কেন নবাব সাজে হাজির হলেন তিনি?
জানা গেছে, বাংলার মসনদে নতুন কোনো নবাবের অভিষেক হয়নি! চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান ‘চেনা মুখ, দুখ সুখ’-এর জন্য এই নতুন রূপ ধারণ করেছেন তিনি। চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনকে স্মরণীয় করে রাখতে এবার গান-আড্ডার গণ্ডি পেরিয়ে সংগীতশিল্পীদের নিয়ে একটি যাত্রাপালার আয়োজন করা হয়েছে। সেই যাত্রাপালায় নবাবের ভূমিকায় অভিনয় করেছেন ফেরদৌস ওয়াহিদ।
যাত্রাপালায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে শিল্পী বলেন, ‘অনুষ্ঠানটির আইডিয়া একেবারে ভিন্ন। যাত্রাপালা হলেও এখানকার বেশির ভাগই গানের শিল্পী। ফলে একেবারে নতুন এক অভিজ্ঞতা হলো। আশা করছি, দর্শকেরও ভালো লাগবে।’
শুধু ফেরদৌস ওয়াহিদ একা নন, সংগীতের মঞ্চ ছেড়ে ব্যতিক্রমী এই যাত্রাপালায় অংশ নিয়েছেন দেশের আরও বেশ কয়েকজন জনপ্রিয় মুখ। লর্ড ক্লাইভের ভূমিকায় অভিনয় করেছেন সংগীতশিল্পী সৈয়দ রেজা আলী। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পথিক নবী, নীলু বিল্লাহ, হুমায়রা বশীর, পুনম প্রিয়া ও পলাশদের মতো জনপ্রিয় সংগীতশিল্পীদের।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নিয়মিত প্রচারিত হওয়া ‘চেনা মুখ, দুখ সুখ’ অনুষ্ঠানটি এত দিন অতিথি তারকাদের জীবনের সুখ-দুঃখ ও ক্যারিয়ারের গল্প নিয়ে সাজানো হলেও প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ পর্বটি ভিন্ন আঙ্গিকে দর্শকের সামনে আসছে। আগামী ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে যাত্রাপালাটি।
ইএইচ/




