সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ক্যানসার কেড়ে নিল বর্ষীয়ান অভিনেত্রীর প্রাণ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম

শেয়ার করুন:

ক্যানসার কেড়ে নিল বর্ষীয়ান অভিনেত্রীর প্রাণ

টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় আর নেই। গতকাল রোববার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, ক্যানসার আক্রান্ত ছিলেন প্রবীণ এ অভিনেত্রী। এক বছর ধরে লড়ছিলেন কর্কট রোগের সঙ্গে। চিকিৎসা নিচ্ছিলেন মুম্বাইয়ে। শেষ দিকে ভর্তি ছিলেন সেখানকার এক বেসরকারি হাসপাতালে। সেখানেই জীবনবসান হয় তার।

1789973665_mithu-4-jpg

সত্তরের দশকে যেসব অভিনেত্রী দাগ কেটেছিলেন দর্শকের মনে তাদের মধ্যে অন্যতম মিঠু। ১৯৭১ সালে চিত্ত বসুর ‘শেষ পর্ব’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পথচলা শুরু তার। প্রথম ছবি কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও তেমন অপেক্ষা করতে হয়নি অভিনেত্রীকে। ১৯৭৩ সালে ‘মর্জিনা আবদুল্লা’ দিয়ে দর্শকের মনের রানি হন তিনি। 

এরপর আর পেছনে তাকাতে হয়নি। অভিনেত্রীকে তুমুল জনপ্রিয় করে তোলে ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মৌচাক’ সিনেমাটি। এতে রঞ্জিত মল্লিকের সঙ্গে তার জুটি দারুণ প্রশংসিত হয়। এরপর একের পর সিনেমায় অভিনয় করে সাফল্যের শীর্ষে চলে যান মিঠু মুখোপাধ্যায়। 

mithu_1.jpg

সিনেমায় দুই দশকের ক্যারিয়ার মিঠু মুখোপাধ্যায়ের। অভিনয় করেছেন উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দেবরাজ রায়ের মতো অভিনেতাদের সঙ্গে। পাশাপাশি হিন্দি সিনেমায় স্ক্রিন শেয়ার করেছেন শত্রুঘ্ন সিনহা, রাজ কাপুর, বিনোদ মেহরাসহ অনেকের সঙ্গে।

অনেক আগেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। দক্ষিণ কলকাতার বাড়িও দিয়েছিলেন বিক্রি করে। কলকাতার পাট চুকিয়ে থিতু হয়েছিলেন মুম্বাই। সেখানেই চলছিল চিকিৎসা। বর্ষীয়ান এ অভিনেত্রীর মৃত্যুতে ভারতীয় বিনোদন অঙ্গনে নেমেছে শোকের ছায়া। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর